‘এবারের বাজেট বেঁচে থাকার বাজেট’ -------- ড. আতিউর রহমান

আপডেট : ১৪ জুন ২০২০, ০০:১৫

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বাংলাদেশের দুর্যোগকালীন বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় বলেছেন, এবারের বাজেট বেঁচে থাকার বাজেট এবং এ বাজেটে সরকারকে স্বাস্থ্য খাতে আরো গুরুত্ব দিতে হবে। সরকারের ক্যাশ ট্রান্সফার প্রকল্পের প্রশংসা করে তিনি আরো বলেন, আমাদের একটি কোভিড-১৯ তহবিল গঠন করতে হবে এবং এ তহবিলের টাকা আসবে আমাদের সকলের ফোন থেকে। আমরা সবাই যখন ইন্টারনেট বা ফোন ব্যবহার করব তখন আমাদের ধনী-গরিব সকলের ফোন থেকে এক পয়সা করে এই তহবিলে জমা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সমাজ গবেষণা গ্রুপের (সোশ্যাল রিচার্স গ্রুপ) আয়োজনে ‘বাংলাদেশে দুর্যোগকালীন বাজেট’ নিয়ে গতকাল শনিবার ১২তম ওয়েবনারে (ওয়েব সেমিনার) প্রধান আলোচক হিসেবে ড. আতিউর এসব কথা বলেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের সমন্বয়ক এবং একই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এই ওয়েবনারে উপস্থিত থেকে তাদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। ভার্চুয়াল আলোচনার প্ল্যাটফরম জুমে গ্রুপের উদ্যোগে এ ওয়েবনার অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট মহামারিতে পুরো বিশ্ব যেন থমকে আছে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এ ভাইরাসের প্রভাব প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আটকে গেছে ক্লাসের পাঠ। থেমে গেছে জ্ঞানের চর্চা। ঘরবন্দি এই সময়ে সমসাময়িক বিষয়ে চিন্তা আর আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে এ ওয়েবনারের আয়োজন করা হয়েছে।