চীনে তেলবাহী ট্রাক বিস্ফোরণে নিহত ১০, আহত ১১৭

আপডেট : ১৪ জুন ২০২০, ০০:৩১

চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের একটি মহাসড়কে তেলবাহী ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং বিস্ফোরণে আহত হয়েছেন ১১৭ জন। 

ঝেজিয়াং প্রদেশের ওয়েনলিন শহরের কাছের একটি মহাসড়কে শনিবার তেলবাহী ট্রাকটির বিস্ফোরণ ঘটে।

চীনের সরকারি এক বিবৃতিতে বলা হয়, বিশাল এক বিস্ফোরণের ফলে আশপাশের বাড়ি-ঘর ও কল-কারখানা ধসে পড়েছে। বিস্ফোরণের কারণে মহাসড়কের বেশ কয়েকটি আগুন ধরে যায়। যার ফলে দুর্ঘটনাস্থলের আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি তৈরি হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়, ওই বিস্ফোরণে আগুনের লেলিহান শিখা গোলার মতো আকাশের দিকে ধেয়ে যায়। এ সময় ওই এলাকায় লোকজনের তীব্র আর্তনাদও শোনা যায়।

অন্য এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের কারণে বিশাল বিশাল ধ্বংসাবশেষ আশপাশের ভবনে গিয়ে আছড়ে পড়ছে। এছাড়াও অপর একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত তেল ট্যাঙ্কারটির অবশিষ্টাংশ এবং মহাসড়কের বেশ কিছু যানবাহনের চাকা বিস্ফোরিত হয়ে বিভিন্ন ভবনে আঘাত করছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, শনিবার সন্ধ্যা পর্যন্ত এই বিস্ফোরণের নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। এছাড়া আহত অন্য ১১৭ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এএফপি।

ইত্তেফাক/আরআই