বার্সার রাজসিক প্রত্যাবর্তন

আপডেট : ১৪ জুন ২০২০, ২০:৪৭

লিওনেল মেসি ম্যাচের আগেই বলেছিলেন, ‘ফেরাটাই সবচেয়ে বড়ো উপহার’। তবে ঠিক ৯৮টি অস্বস্তিকর দিন পর বার্সেলোনার মাঠে ফেরার দিনে তার নৈপুণ্যটা না থাকলে উপলক্ষ্যটা বোধহয় একটু ফিকেই হয়ে থাকতো। বার্সা অধিনায়ক সেটা হতে দেননি। সতীর্থদের দিয়ে করালেন দুই গোল, পরে নিজেও করলেন একটি; তাতে মায়োর্কাকে ৪-০ ব্যবধানে হারিয়ে রাজসিকভাবেই প্রত্যাবর্তনটা রাঙালো লা লিগা শিরোপাধারীরা।

দীর্ঘ বিরতিতে ছিলেন খেলোয়াড়রা, দলীয় অনুশীলনেই দল ফিরেছে সপ্তাহখানেক আগে। তার ওপর ফেরার ম্যাচটা ছিল প্রতিপক্ষের ডেরায়। লকডাউনের আগ পর্যন্ত চলতি লিগ মৌসুমে প্রতিপক্ষের মাঠে ১৩ ম্যাচের আটটিতেই জয় ছাড়া ম্যাচ শেষ করেছিল বার্সা। শনিবার রাতের ম্যাচের আগে কাতালানদের নিয়ে শঙ্কাটা তাই অমূলক ছিল না।

তবে সব শঙ্কা উবে যেতে সময় নিলো মোটে ৬৫ সেকেন্ড। জর্দি আলবার ক্রসে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন আর্তুরো ভিদাল। ৩৭ মিনিটে মেসির বাড়ানো বল জালে জড়িয়ে বার্সার জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান মার্টিন ব্রাথওয়েট। ৭৯ মিনিটে মেসির বাড়ানো বলে দারুণ এক গোল করেন জর্দি আলবা।

মেসির গোলের অপেক্ষা শেষ হয়েছে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। লিগে চলতি মৌসুমে ২০ নম্বর গোলটি পেতেই আরো এক রেকর্ড পায়ে এসে লুটায় বার্সা অধিনায়কের। এ নিয়ে শেষ ১২ মৌসুমের প্রতিটিতেই কমপক্ষে ২০টি করে গোলের দেখা পান তিনি, লা লিগা ইতিহাসে এমন কীর্তি নেই আর কারোই। এই জয়ে এক ম্যাচ বেশি খেলে রিয়াল মাদ্রিদ থেকে পাঁচ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। তবে কাল রাতে এসডি এইবারের বিপক্ষে জিতে থাকলে আবারও ব্যবধানটা দুইয়ে নামিয়ে আনবে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা।

ফেরার ম্যাচে এমন জয়ে কোচ সেতিয়েন দারুণ উচ্ছ্বসিত। বললেন, ‘ফেরার অনুভূতিটা অসাধারণ। উন্নতির জায়গা সবসময়ই থাকে, কিন্তু আজকে দীর্ঘ বিরতির পরে আমরা যেমন খেলেছি তাতে আমি সন্তুষ্ট। কিছুটা ছন্দপতন ছিল, তবে আমি মনে করি, বিরতি থেকে ফেরার পর এটা ভালো একটা শুরুই।’

ফরোয়ার্ড লুই সুয়ারেজ নতুন কোচ সেতিয়েনের অধীনে এদিনই প্রথম মাঠে নামেন। দ্বিতীয়ার্ধের কিছু অংশে খেলে যোগান দিয়েছেন মেসির গোলে। তাতে কোচ সন্তুষ্টি প্রকাশ করেছেন, ‘সে সবকিছু ভালোভাবে করেছে। ভবিষ্যতে কেমন উন্নতি করবে তাতে আমরা নজর রাখব। তবে ফেরার ম্যাচ হিসেবে সে দুর্দান্ত খেলেছে।’

তবে মাঠে ফিরে দম ফেলার ফুরসত নেই দলগুলোর। আগামী মঙ্গলবার নিজেদের মাঠ ন্যূ ক্যাম্পে লেগানেসের বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা।