বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে শেষ ছয় ম্যাচের তিনটিতেই হেরেছিল বায়ার্ন মিউনিখ। তার ওপর নিষেধাজ্ঞার কারণে ছিলেন না দলের অন্যতম দুই ভরসা রবার্ট লেভান্ডোভস্কি ও থমাস মুলার। তবে এসবও বায়ার্নের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারেনি। তালিকার চারে থাকা দলটিকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা থেকে তিন পয়েন্ট দূরে চলে এসেছে ব্যাভারিয়ানরা।
শনিবার রাতে নিজেদের মাঠে ২৬ মিনিটেই প্রতিপক্ষ রক্ষণের ভুলে এগিয়ে যায় বায়ার্ন। মনশেনগ্লাডবাখ গোলরক্ষক সতীর্থের কাছে বল বাড়াতে গিয়ে বল দিয়ে বসেন জশুয়া জির্কজির পায়ে। অনায়াস গোলটি করতে কোনো অসুবিধাই হয়নি তরুণ ডাচ ফরোয়ার্ডের। প্রতিপক্ষের বদান্যতার প্রতিদান দিতেই যেন ৩৭ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন বায়ার্ন ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড।
জয়সূচক গোলটি আসে ৮৬ মিনিটে। পাভার্ডের বাড়ানো বলেই গোল করেন লেওন গোরেত্স্কা। এই জয়ের ফলে আগামী মঙ্গলবার ভের্ডার ব্রেমেনের বিপক্ষে জিতেই শিরোপাজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বায়ার্নের সামনে।
কোচ হ্যান্সি ফ্লিক জানালেন, যত শিগগিরই সম্ভব শিরোপা জিততে মরিয়া তার দল। তিনি বলেন, ‘কষ্টার্জিত এ জয় দারুণ ছিল। আমরা এটা ধরে রাখতে চাই। এবং ব্রেমেনেই এটার নিষ্পত্তি চাই।’
মুলার আর লেভান্ডোভস্কিকে ছাড়া জয়টা যে কঠিনই হবে তা আগেই আঁচ করতে পেরেছিল দল, জানালেন বায়ার্ন কোচ। বললেন, ‘আমাদের কিছু পরিবর্তন আনতে হয়েছিল, আর জার্মান কাপ ম্যাচের পরে এটা গুরুত্বপূর্ণও ছিল। ফলে এ সম্পর্কে একটা ধারণা ছিল আমাদের। এই মুহূর্তে সবাই ক্লান্ত, কিন্তু গ্লাডবাখ সেরে ওঠার জন্যে এক সপ্তাহ সময় পেয়েছিল। ’
