ফুটবল অঙ্গনে আরো একটি মৃৃত্যু সবাইকে ধাক্কা দিয়েছে। সাবেক তারকা ফুটবলার গোলাম রাব্বানী হেলাল, সংগঠক আব্দুল মোনেমের মৃত্যুর পর গতকাল মৃত্যুবরণ করেছেন আরেক সাবেক মিডফিল্ডার নুরুল হক মানিক (৫৬)।
গতকাল দুপুরে অসুস্থ মানিকের মৃত্যুর খবর ক্রীড়াঙ্গনে ছড়িয়ে পড়লে সবাই ব্যথিত হন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, সাবেক তারকা স্ট্রাইকার শেখ মো. আসলাম, হাসানুজ্জামান খান বাবলু, কোচ মারুফুল হক, মহিদুর রহমান মিরাজরা জানালেন তাদের ব্যথা ও শোকের কথা।
আসলাম বললেন, ‘খুব ভালো মনের ছেলে ছিল মানিক।’ মানিক কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। বাফুফে জানিয়েছে, ধানমন্ডিতে বাসায় ব্রেইন স্ট্রোকে মারা গিয়েছেন বাফুফের তালিকা ভুক্ত কোচ মানিক।
রোজার আগেই মেয়েকে বিয়ে দিয়েছেন। আছেন আরেক পুত্র। জাতীয় সবুজ দলেরও অধিনায়ক ছিলেন মোহামেডানের এই সাবেক অধিনায়ক। খেলেছেন পাড়ার দল আরামবাগ ক্রীড়া সংঘে। ব্রাদার্সের জার্সি গায়েও খেলেছেন। অনেক দিন ফুটবল খেলেছেন। খুব শক্ত শরীরের গঠন ছিল তার। ফুটবল সমালোচকরা তাকে টিপ্পনী কেটে বুইড়া মানিক বলে ডাকতেন। মানিকের মৃৃত্যুতে শোক জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন, সোনালী অতীত ক্লাবসহ অন্যান্য ক্রীড়া সংগঠন।
