অনূর্ধ্ব-১৯ অধিনায়কত্ব করতে গিয়ে দারুণ পরিণত একটা চেহারা দেখিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দল চ্যাম্পিয়ন হতে না পারলেও নিজে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন। পরপরই জাতীয় দলে অভিষেক। অনেকেই তার মধ্যে ভবিষ্যত্ অধিনায়ক দেখেন। কিন্তু মিরাজ নিজে বলছেন, এই স্বপ্নটাকে আরো কিছুদিন জিইয়ে রাখতে চান তিনি। আগে পরিণত হয়ে তবে অধিনায়কত্ব করতে চান।
কবে নাগাদ অধিনায়কত্বের স্বপ্ন দেখেন, সেটা বলতে গিয়ে একটা লাইভ অনুষ্ঠানে মিরাজ বলেন, ‘আমি তো বলতে পারছি না। আল্লাহ যখন রহম করবেন তখনই হব ইনশাল্লাহ। তারপরও ধরেন পাঁচ বছর।’
জাতীয় দলের অধিনায়ক হতে বয়স কোনো বড়ো বাধা কি না, জানতে চাইলে মিরাজ বলেন, ‘আসল বিষয় হচ্ছে ম্যাচিউরিটি। যথাযথ পরিপক্ব হওয়া খুব জরুরি। ম্যাচিউরড হয়ে তবেই জাতীয় দলের অধিনায়ক হওয়া খুব জরুরি। ম্যাচিউরড না হলে দায়িত্বটা বোঝা যায় না।’
মিরাজ একদিন ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলকে খেলতে দেখে জাতীয় দলের স্বপ্ন দেখেছিলেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ‘আমি ভেবেছিলাম একদিন আমিও খেলব এই মাঠে (মিরপুরে)। ইনশাআল্লাহ আমিও জাতীয় দলের প্রতিনিধিত্ব করব।’
