বশেমুরবিপ্রবির শিক্ষার্থীদের মেস ছাড়ার ঘোষণা

আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৩৮

করোনা ভাইরাসের মধ্যে ২৫ শতাংশ মেস ভাড়া মওকুফে সন্তুষ্ট না হয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা গণহারে মেস ছাড়ার ঘোষণা দিয়েছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাড়ি ভাড়ার সমস্যায় গঠিত কমিটির সঙ্গে গোপালগঞ্জের নবীনবাগ এলাকার মেস মালিকদের আলোচনা শেষে ঐ এলাকার মেস ভাড়া ২৫ শতাংশ মওকুফ করা হয়। কিন্তু এ রকম সিদ্ধান্তে হতাশ হয়েছেন বলে অভিযোগ করেন নবীনবাগে বসবাসরত শিক্ষার্থীরা।

বশেমুরবিপ্রবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রথীন্দ্রনাথ বাপ্পী বলেন, নবীনবাগে মেস ভাড়ার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আমরা হতাশ ও মর্মাহত হয়েছি। আমরা আশা করেছিলাম অন্তত ৫০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত হবে।

বাড়ি ভাড়ার সমস্যায় গঠিত কমিটির সভাপতি ড. মো. হাসিবুর রহমান বলেন, বাড়ির মালিকদেরকে আমরা ভাড়া মওকুফের জন্য চাপ প্রয়োগ করতে পারি না। আর আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি।