বগুড়া পৌরসভার ৯টি এলাকাকে রেড জোন ঘোষণা করেছে বগুড়া জেলা প্রশাসন। রবিবার দুপুরে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এলাকাগুলো হচ্ছে পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সুত্রাপুর, মালতীনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনি এলাকা। এ ঘোষণার পরিপ্রেক্ষিতে উক্ত এলাকায় রবিবার বিকাল ৫টা থেকে বেশকয়েকটি নির্দেশনা পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো, রেড জোন ঘোষিত এলাকার সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। ঐ সব এলাকার সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। কোভিড-১৯ মোকাবিলায় বেসরকারি গাড়ি চলাচলে জেলা প্রশাসকের অনুমতি গ্রহণ করতে হবে। সকল প্রকার দোকান, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বগুড়া জেলায় আন্তঃউপজেলা যানবাহন ও জনসাধারণ চলাচল বন্ধ থাকবে।
