পশ্চিম মঈনপুর মৌজা সড়ক

সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে

আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৩৮

নেত্রকোনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মঈনপুর এলাকার অর্ধকিলোমিটার সড়ক এখন জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ইটের তৈরি সড়কটির বিভিন্ন স্থান ভেঙে গেছে। সংস্কার না হওয়ায় দুর্ভোগ বাড়ছে।

নেত্রকোনা পৌর এলাকার পশ্চিম মঈনপুর এলাকাটি ধলাই নদীর কারণে শহরকে বিভক্ত করে রেখেছে। এই এলাকায় যেতে পাকা কোনো সেতু নেই। বাঁশের তৈরি সেতু দিয়ে পারাপার হতে হয়।  পশ্চিম মঈনপুর এলাকার সিদ্দিক মিয়ার বাড়ি থেকে সেতু পর্যন্ত আধাকিলোমিটার সড়কটি বেহাল। এলাকার মহসিন মিয়া এবং কবির হোসেন চান মিয়া এই প্রতিনিধিকে বলেন, সড়কটি সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এই ওয়ার্ডের কমিশনার শফিকুল ইসলাম খান খোকন জানান, পশ্চিম মঈনপুর মৌজা সড়কটি সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়কটি নতুন করে অর্থাত্ পাকা করার জন্য এরই মধ্যে প্রাক্কলন তৈরি করা হয়েছে। অচিরেই সড়ক নির্মাণের কাজে হাত দেওয়া হবে।