ফুলবাড়ীতে করোনা সংক্রমণ বাড়ছে

আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৪০

দিনাজপুরের ফুলবাড়ীতে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। প্রথম দিকে শুধু বাইরে থেকে আসা মানুষের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও এখন শহর ছেড়ে কোথাও যায়নি এমন ব্যক্তিরাও করোনা শনাক্ত হচ্ছেন। তবুও বালাই নেই স্বাস্থ্যবিধির। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসানুর হোসেন জানিয়েছেন, উপজেলায় এ পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৩ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

পৌরবাজারসহ আশপাশের হাটবাজার ঘুরে দেখা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ শুরু দিকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হলেও এখন মানুষের মধ্যে কমেছে সচেতনতা। প্রায় বেশির ভাগ মানুষের মুখেই নেই মাস্ক।  এদিকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে বিকাল ৪টার পর দোকানপাট বন্ধ রাখতে জেলা প্রশাসক নির্দেশ দিলেও মানছে না কেউ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে। অহেতুক বাড়ি থেকে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি না মানলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।