শরণখোলায় পোশাকশ্রমিক নির্যাতনের ঘটনায় জড়িত তিন পুলিশ সদস্যকে বাগেরহাট পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তারা হলেন, এসআই বিশ্বজিৎ, কনস্টেবল মো. সেলিম ও মো. সোহাগ।
রবিবার সকালে পুলিশ সুপারের নির্দেশে তারা পুলিশ লাইনে যোগদানের জন্য শরণখোলা ত্যাগ করেন বলে জানা যায়। এর আগে শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম শরণখোলায় এসে ঘটনাটি তদন্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম জনান, ওই তিন পুলিশকে সাময়িকভাবে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার সকালে পারিবারিক বিরোধের ঘটনায় দায়ের করা একটি মামলায় স্বপনকে গ্রেফতার করতে যায় শরণখোলা থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের এস আই বিশ্বজিতের নেতৃত্বে কনেস্টবল সেলিম ও সোহাগ তার বাড়িতে প্রবেশ করেন। স্বপনের স্ত্রী শারমিন ঘরের দরজা খুলতেই পুলিশ ঘরে প্রবেশ করে ঘুমন্ত স্বপনকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর শুরু করেন। পুলিশ স্বপনকে ঘর থেকে মারতে মারতে রাস্তায় নিয়ে যায়। এরপর থানায় নিয়ে পুলিশের নির্যাতনে স্বপন অজ্ঞান হয়ে পড়লে পুলিশ তাকে প্রথমে শরণখোলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
অবশ্য থানা পুলিশ জানায়, স্বপনকে গ্রেফতারের পর তার হার্ট ব্লক হয়েছে বলে জানান। এ ঘটনায় বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশিত হলে তদন্ত শুরু করে পুলিশ।
ইত্তেফাক/এএম
