কালিয়ায় কৃষকদের মধ্যে বীজ ও প্রণোদনা বিতরণ
কালিয়া (নড়াইল) প্রতিনিধি উপজেলায় কর্মহীন হয়ে পড়া ৩৮৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, সবজি বীজ ও প্রণোদনার নগদ অর্থ প্রদান করা হয়েছে। রবিবার সকালে কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি বিভাগ এসব বিতরণ করে। এ সময় কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ইউএনও মো. নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাগেরহাটে ‘নো মাস্ক নো সেল’ প্রচারাভিযান শুরু
বাগেরহাট প্রতিনিধি ‘নো মাস্ক নো সেল’ বাগেরহাট শহরে এই প্রচারাভিযান শুরু হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ শহরের শালতলা মোড়ে বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানে স্টিকার লাগিয়ে এই প্রচারাভিযানের উদ্বোধন করেন। বাগেরহাট চেম্বার অব কমার্স ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি টিম যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।
গোপালগঞ্জে দুই হাজার কৃষককে প্রশিক্ষণ
গোপালগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চফলনশীল তিল, মুগ ও আউশ ধানের চাষাবাদ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রে হাওর, চর ও দক্ষিণাঞ্চল প্রকল্পের আওতায় দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি ড. অরবিন্দু কুমার রায়। এতে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলকার নাইম।
প্রেসক্লাব বদলগাছীর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা উদ্যাপিত হয়েছে ‘প্রেসক্লাব বদলগাছীর’ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে গত শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে বর্ষ উদ্যাপিত ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব বদলগাছীর সহসভাপতি ফজলে মওলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ ছলিম উদ্দীন তরফদার সেলিম।
আশুগঞ্জে কৃষকদের প্রণোদনা প্রদান
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২৫৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সবজি বীজ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়েছে। পারিবারিক কৃষির আওতায় সবজি ও সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে এ প্রণোদনা প্রদান করা হয়। রবিবার দুপুরে উপজেলা চত্বরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ডোমারে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা
ডোমার (নীলফামারী) সংবাদদাতা জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়নে নীলফামারী ডোমার উপজেলায় দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় ও রোগ নির্ণয় শাখা (সিডিসি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম।
চাঁপাইনবাবগঞ্জে মেডিক্যাল
টেকনোলজিস্টদের মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস মোকাবিলায় রাষ্ট্রীয় চিকিত্সা অনুষদ থেকে উত্তীর্ণ মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানের মেডিক্যাল টেকনোলজিস্টরা অংশ নেন।
সুনামগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৩ শিক্ষার্থী পেল শিক্ষা বৃত্তি
সুনামগঞ্জ প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় সুনামগঞ্জে ৭৩ জন শিক্ষার্থীকে চার লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এ সময় আরো ৩০ শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ উপস্থিত থেকে এসব উপকরণ ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন।
