রূপপুর প্রকল্পের কাজ শিডিউল অনুযায়ী এগিয়ে চলেছে

আপডেট : ১৪ জুন ২০২০, ২২:২০

করোনা পরিস্থিতিতেও রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্পের নির্মাণকাজ স্বাভাবিক নিয়মে শিডিউল অনুযায়ী এগিয়ে চলেছে। শুক্রবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করে আরো বলেন, প্রতিটি বিষয়ে স্বাস্থ্যবিধি মেনে কাজ হচ্ছে। এর মধ্যেই কাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। দেশি-বিদেশি প্রায় ৮ হাজার ইঞ্জিনিয়ার, বিশেষজ্ঞ, কর্মকর্তা-কর্মচারী বর্তমানে এই প্রকল্পে নিরলসভাবে কাজ করছেন। গত ৪ জুন ১৯৬ জনের আরো একটি রাশিয়ান দল বাংলাদেশে এসেছেন। স্বাস্থ্যবিধি অনুযায়ী এদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রাশিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশের ৭০ জনের একটি দল প্রশিক্ষণ শেষ করে এদের সঙ্গেই দেশে ফিরেছেন। এরাও কোয়ারেন্টাইন শেষ করার পর কাজে যুক্ত হবেন। ডিসেম্বরের শেষ দিকে প্রকল্পের মূল যন্ত্র রিয়্যাক্টর প্রেসার ভ্যাসেল স্থাপনের টার্গেট করেই কর্মযজ্ঞ পরিচালনা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর ইত্তেফাককে জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ করার চ্যালেঞ্জ নিয়েই প্রকল্পের কাজ অব্যাহত রয়েছে। গত ৬ জুন থেকে প্রথম ইউটের রিয়্যাক্টর ভবনের ইনার কন্টেইনমেন্ট (আইসিডাব্লিউ) এর ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। ইনার কন্টেইনমেন্টের (অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট) এটা তৃতীয় ধাপ। জুনের মধ্যে এই ধাপের কাজ শেষ হবে। এরপর চতুর্থ ধাপ অর্থাত্ শেষ ধাপ ৩৪.৫ মিটার থেকে ৩৮.৫ মিটারের কাজ শুরু হবে। এই ইনার কন্টেইনমেন্টের কাজ শেষ হওয়ার পর এরই ওপরে ডুমস স্ট্যাকচার স্থাপন করা হবে। ২০ ডিসেম্বরের মধ্যে ডুমস স্ট্যাকচার স্থাপনের কাজ শেষ করার টার্গেট রয়েছে। তাই ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিটের মূল যন্ত্র রিয়্যাক্টর প্রেসার ভ্যাসেল স্থাপন করা হবে। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের কাজও শিডিউল অনুযায়ী এগিয়ে চলেছে। বর্তমানে এই প্রকল্পে রাশিয়াসহ দুই সহস াধিক বিদেশি ইঞ্জিনিয়ার, কর্মকর্তা ও কর্মচারী কাজ করছেন বলে তিনি জানিয়েছেন।

প্রকল্প পরিচালক আরো জানান, এই প্রকল্পের যন্ত্রপাতি নির্মাণকাজও রাশিয়ায় দ্রুতগতিতে এগিয়ে চলেছে। রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তির থার্ড প্লাস জেনারেশনের ভিভিইআর ১২০০ মডেলের দুটি রিয়্যাক্টর রূপপুর প্রকল্পে স্থাপন করা হবে। শিডিউল অনুযায়ী ২০২৩ সালে প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুত্ উত্পাদিত হয়ে জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার কথা রয়েছে।