মোংলায় কামারডাঙ্গা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

আপডেট : ১৪ জুন ২০২০, ২২:২১

অবৈধ স্থাপনার কারণে খনন কাজ বিঘ্নিত হওয়ায় মোংলার বুড়িরডাঙ্গার কামারডাঙ্গা খালের ওপর ও দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলের এ সংযোগ খাল পুনরুদ্ধার অভিযান শুরু করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আরিফ হোসেন। এ সময় নৌবাহিনী, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালের প্রায় ছয় কিলোমিটার খনন করা গেলেও অবৈধ স্থাপনার কারণে বাকি চার কিলোমিটার খননে বিঘ্নের সৃষ্টি হয়। যার কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, খাল ভরাট হয়ে যাওয়ায় খালের দুই পাড়ের খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেন আব্বাস জোমাদ্দার, দুলাল জোমাদ্দার ও মো শহীদ নামে তিন ব্যক্তি। এ ছাড়া অনেকেই কাঁচা ঘরবাড়ি নির্মাণ করে খাস জমি দখলে নিয়ে নেন। এ উচ্ছেদ কার্যক্রম আগামী তিন দিন ধরে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারীরা।