সাভারে মো. মোস্তফা (৪২) নামের এক চালক অটোরিকশাসহ চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজের স্ত্রী রিতা সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ মোস্তফা রাজবাড়ী থানার মাঝবাড়ী এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি সাভারের চাপাইন মহল্লার তালতলা এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। নিখোঁজের স্ত্রী রিতা জানান, প্রতিদিনের মতো গত ১১ জুন ভোরে তার স্বামী অটোরিকশা চালানোর জন্য বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরেননি। গত চার দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। সাভার মডেল থানা পুলিশ জানায়, অটোচালককে খুঁজে পেতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
