ওয়েব সিরিজে দেশীয় সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থি অনুপোযোগী কনটেন্ট সরিয়ে ফেলতে সরকারকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, উপযুক্ত পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ না থাকায় দেশীয় সিনেমা এবং ওয়েব সিরিজগুলোতে আপত্তিকর দৃশ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে এবং সেসব দৃশ্য জনসম্মুখে তুলে ধরা হচ্ছে।
এতে আরো বলা হয়, সম্প্রতি বাংলাদেশে ভিডিও প্রোভাইডারদের অন্যতম প্ল্যাটফরম বিং এবং ইউটিউবে ওয়েব সিরিজ ‘বুমেরাং’ এবং ‘আগস্ট ১৪’তে আপত্তিকর দৃশ্য দেখা গেছে। এমনকি এসব ওয়েব সিরিজে সিগারেট কিংবা অ্যালকোহলের দৃশ্য প্রচারের সময় কোনো প্রকার সতর্কতামূলক বাণী প্রচার করা হয়নি। তাই এসব দৃশ্য পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮ এর স্পষ্ট লংঘন। যা কিনা আমাদের দেশের সংস্কৃতি এবং সামাজিক নিয়মশৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ গতকাল রবিবার এ নোটিশ প্রেরণ করেন। তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও পরিচালক, পুলিশের আইজি বরাবর ই-মেইলযোগে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে অনলাইন প্ল্যাটফরম থেকে সিনেমা-ওয়েব সিরিজের আপত্তিকর ভিডিও বন্ধ এবং তা সরিয়ে ফেলতে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে ওয়েব ভিত্তিক সম্প্রচার নিয়ন্ত্রণে পৃথক একটি নীতিমালা তৈরি করার জন্য নোটিশে অনুরোধ জানানো হয়েছে।
