কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতে এবার লবণ আমদানি করতে হবে না

আপডেট : ১৪ জুন ২০২০, ২২:২৫

কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে এবার লবণ আমদানি করতে হবে না। বর্তমানে দেশে যে পরিমাণ লবণ মজুদ আছে তা দিয়েই চামড়া প্রক্রিয়াজাতকরণসহ অন্য সব চাহিদা মেটানো সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বিসিক জানিয়েছে, বর্তমানে দেশে মোট চাহিদার বিপরীতে ২০ লাখ ৩ হাজার টন লবণ মজুদ আছে। এর মধ্যে সদ্য সমাপ্ত মৌসুমে মোট ১৫ লাখ ৭০ হাজার টন ক্রুড লবণ উত্পাদিত হয়েছে। এছাড়া গত মৌসুমের উদ্বৃত্ত লবণ আছে ৪ লাখ ৩৩ হাজার টন। ২০১৯-২০২০ অর্থবছরে দেশে ভোজ্য ও শিল্প লবণের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছিল ১৮ লাখ ৪৯ হাজার টন। সেই হিসেবে দেশের মোট চাহিদা চেয়ে প্রায় দেড় লাখ টন লবণ বেশি মজুদ রয়েছে। এছাড়া দেশের সব জেলার ডিলার, পাইকারি ও খুরচা বিক্রেতা পর্যায়ে আয়োডিনযুক্ত ভোজ্য লবণ মজুত রয়েছে।

বিসিক জানিয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে শিল্প উত্পাদন ব্যাহত হওয়ায় দেশে শিল্প লবণের চাহিদা তুলনামূলক কম। অন্যদিকে আগামী নভেম্বরে লবণ উত্পাদনের মওসুম শুরু হবে। এ অবস্থায় বর্তমান মজুতকৃত লবণ দিয়েই আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণসহ অন্যান্য চাহিদা পূরণ করা সম্ভব হবে। ফলে এ বছর লবণ আমদানির কোনো প্রয়োজন নেই।