পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনাকালে জনগণকে সেবা দেওয়ার জন্য সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভূয়সী প্রশংসা পেয়েছে পুলিশ। মানুষ পুলিশকে সম্মান করছেন, ভালোবাসছেন। পুলিশের প্রতি মানুষের এ বিশ্বাস, আস্থা ও সম্মান আমাদের করোনা-পরবর্তী সময়ও ধরে রাখতে হবে। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষ শাপলায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২১ জন অতিরিক্ত পুলিশ সুপারের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নির্মোহভাবে কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
আইজিপি বলেন, এ দুর্যোগকালে আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে লড়াই করছে বাংলাদেশ পুলিশ। এ পর্যন্ত আমাদের ২৪ জন সহকর্মী করোনাযুদ্ধে জীবন উত্সর্গ করেছেন।
বেনজীর আহমেদ বলেন, করোনাকালে বাংলাদেশ পুলিশ নিজ দায়িত্বের চৌহদ্দির বাইরে গিয়ে মানবিক পুলিশ হিসেবে মানুষের পাশে রয়েছে। করোনায় মৃত ব্যক্তিকে যখন আপনজনরা ছেড়ে যাচ্ছে, তখন পুলিশ তাদের দাফন করছে, সত্কার করছে। পুলিশ প্রধান বলেন, যারা নানা কারণে পুলিশের সমালোচনা করতেন, তারাও আজ পুলিশের পক্ষে কথা বলছেন, পুলিশের জন্য কলম ধরছেন। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) ড. মো. মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (অর্থ) শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত আইজি (এইচআরএম) এস এম রুহুল আমিন উপস্থিত ছিলেন। পরে আইজিপি অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র?্যাংক ব্যাজ পরিয়ে দেন।
