লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই মানবপাচারকারীর আবারও সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই থানার আরেক মামলায় এক মানবপাচারকারীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন: জাহাঙ্গীর হোসেন ও বাদশা ফকির। আর কারাগারে যাওয়া আসামি হলেন: লিয়াকত আলী ওরফে লেকু শেখ।
জাহাঙ্গীর হোসেন ও বাদশা ফকিরকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এস এম গফফারুল আলম। আর লেকু শেখেরও পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্তা ডিবি পুলিশের এস আই আবুল বাশার মিয়া।
