করোনা মোকাবিলায় সুপারিশের নামে উসকানি দিচ্ছে বিএনপি :কাদের

আপডেট : ১৪ জুন ২০২০, ২২:৩৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষ থেকে যে সাত দফা সুপারিশ করেছেন, সরকার করোনায় সৃষ্ট সংকট উত্তরণে তার চেয়ে অনেক বেশি সুসমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। বরং বিএনপিই এই সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়ায়নি। বিএনপি ঘোষিত করোনা মোকাবিলায় সাত দফা দাবির পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমে এই বিবৃতি পাঠান।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপারিশের নামে সরকারের বিরুদ্ধাচার করার যে অপচেষ্টা করেছেন, তার যৌক্তিক কোনো ভিত্তি নেই বরং তা উসকানিমূলক। তার মন্তব্য   সর্বৈব মিথ্যা, বাস্তবতা বিবর্জিত। করোনা মোকাবিলায় প্রত্যেকটি পর্যায় বিচার-বিশ্লেষণ করে সরকারের গৃহীত পদক্ষেপ চলমান রয়েছে। মন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এলাকাভিত্তিক লকডাউন ঘোষণা করে সামরিক-বেসামরিক প্রশাসনের যৌথ উদ্যোগে তা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে চিকিত্সক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সম্মুখযোদ্ধাদের জন্য মানসম্মত স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করা হচ্ছে। বিএনপি নেতাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সুরক্ষাসামগ্রীর প্রয়োজন পড়লে, আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে তা প্রদান করা হবে।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘এবারের বাজেটে এর জন্য আলাদা বরাদ্দও রাখা হয়েছে। করোনার বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক খাতগুলোর জন্য ১৯টি প্যাকেজের মাধ্যমে ১ লাখ ৩ হাজার ১১৭ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সরকারি ত্রাণ ও অর্থ বিতরণে অনিয়মে জড়িত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি আওয়ামী লীগ দলীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করেছে। কিন্তু বিএনপির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ পরিলক্ষিত হয়নি।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের ইঙ্গিতপূর্ণ অভিযোগ উত্থাপনের চেষ্টা করেছেন। কিন্তু আওয়ামী লীগ সরকার কখনো তথ্য গোপনের রাজনীতি করে না। বরং সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে সব তথ্য ও স্বাস্থ্যবিধির নির্দেশনা জনগণের সামনে তুলে ধরা হয় বলে দাবি করেন ওবায়দুল কাদের।