করোনা সংক্রমণ রোধে পুরো ঢাকাকে লকডাউনের আওতায় আনার নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট আবেদনের ওপর আজ সোমবার আদেশ দেবে হাইকোর্ট। তবে আদালত বলেছে, ঢাকা শহরকে লকডাইন করা হবে কি হবে না এটা নীতিনির্ধারণী বিষয়। সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আদালতের হস্তক্ষেপের সুযোগ নাই। এ সংক্রান্ত রিট আবেদন শুনানির জন্য উত্থাপিত হলে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল রবিবার এ মন্তব্য করে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ ই-মেইলযোগে এ রিট করেন। রিটে ঢাকা শহরকে পুরোপুরি লকডাউন ঘোষণার পাশাপাশি করোনা চিকিত্সার সুবিধার জন্য পর্যাপ্ত হাই-ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা সংগ্রহের নির্দেশনা চাওয়া হয়।
রিটে বলা হয়েছে, ঢাকা শহরকে কড়াকড়িভাবে সম্পূর্ণভাবে লকডাউন করতে হবে। এটা করা না হলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়বে। কারণ যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে এলাকাভিত্তিক লকডাউন কোনো সুফল বয়ে আনবে না। এছাড়া বারবার পরামর্শ ও তাগিদ দেওয়ার পর এখনো মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় একটি চিকিত্সা-কৌশল ‘হাই ফ্লো নেজাল অক্সিজেন ক্যানুলা’র ব্যবস্থা নিশ্চিত করা হয়নি। অতিদ্রুত সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কালক্ষেপণ না করে অনতিবিলম্বে এর জোগান নিশ্চিতকরণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
