শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে

আপডেট : ১৪ জুন ২০২০, ২২:৪৩

করোনা পরিস্থিতির কারণে সারাদেশের বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ ছুটি বাড়ানো হতে পারে বলে জানা গেছে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে আলোচনা করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেবে। আজই ছুটির আদেশ জারি করা হবে বলে জানা গেছে।

দেশে করোনা ভাইরাসের প্রকোপের কারণে গত মার্চের মাঝামাঝি সময় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে আগে।

অনির্ধারিত ছুটি পুষিয়ে নিতে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনে ক্লাস কার্যক্রম শুরু করা হয়েছে। বর্তমানে করোনা মহামারি কঠিন আকার ধারণ করেছে। প্রতিদিন প্রায় ৩ হাজার মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তার সঙ্গে প্রায় দিনই ৪০ জনের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। এসব বিষয় আমলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, আজ দুই মন্ত্রণালয় আলোচনা করে কতদিন পর্যন্ত ছুটি বাড়ানো যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আপাতত আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়ে দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। তিনি বলেন, করোনা মহামারির প্রকোপ আরো বেড়ে যাবার প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের জীবন হুমকির মধ্যে ফেলা হবে না। প্রতিদিন সংসদ টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে, বাসায় বসে তারা পাঠদান চালিয়ে যাবে। বর্তমানে শিক্ষার্থীদের বাসায় রেখে কীভাবে পরীক্ষা নেওয়া সম্ভব, সে বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। প্রয়োজনে বছর শেষে একটিই মাত্র পরীক্ষা নেওয়া হবে।