মদনে বিজিবি সদস্যের স্ত্রীর মৃতদেহ উদ্ধার

আপডেট : ১৪ জুন ২০২০, ২২:৪৪

নেত্রকোনার মদনে এক বিজিবি সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের (পশ্চিম পাড়া) স্বামীর ঘর থেকে শাহিনূর আক্তার পান্না নামের ঐ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। স্বামীর পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে পান্না। তবে মেয়ের ভাইয়ের দাবি পারিবারিক কলহে পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করা হয়েছে। পান্না নিঃসন্তান ছিল। এ ঘটনায় স্বামী মো. ওমর সানি লিংকনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, আত্মহত্যার খবর শুনে অতিরিক্ত (খালিয়াজুরী) সার্কেলসহ আমি ঘটনাস্থল গিয়ে পান্নার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। স্বামী ওমর সানি লিংকনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘুড়ি কেড়ে নিল স্কুলশিক্ষার্থীর প্রাণ

এদিকে ঘুড়ি কেড়ে নিল ফয়সাল নামের এক স্কুলশিক্ষার্থীর প্রাণ। রবিবার উপজেলার মদন-ফতেপুর সড়কে রেইনট্রি গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায় ফয়সাল। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের খোকন মিয়ার ছেলে ও মদন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।