করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট : ১৪ জুন ২০২০, ২২:৪৮

গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আবদুল্লাহর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার বাদ আসর তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। উল্লেখ্য, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। শনিবার রাতে মারা যাওয়ার পর পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। গতকাল রবিবার সকালে পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন। 

এদিকে গতকাল অ্যাম্বুলেন্সে করে ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সরাসরি তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কেকানিয়া গ্রামে এসে পৌঁছায়। বিকাল ৫টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়ির মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়। তিনি দুই স্ত্রী, ৯ মেয়ে ও এক ছেলে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পরিবারের সদস্য, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশের পদস্থ কর্মকর্তা ও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গ্রামবাসী, প্রতিমন্ত্রীর জানাজায় উপস্থিত ছিলেন।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুর খবর গোপালগঞ্জে এসে পৌঁছানোর পর তার শহরের কলেজ রোডের বাড়িতে ও কেকানিয়া গ্রামের বাড়িতে দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতাকর্মী ও স্বজনেরা ছুটে আসেন। তারা শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

তার মৃত্যুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন শোক প্রকাশ করেছে। 

নৌপরিবহন প্রতিমন্ত্রীর শোক :ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিমন্ত্রী গতকাল রবিবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হেফাজতে ইসলামের আমিরের শোক

চট্টগ্রাম অফিস :ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফি। তিনি মরহুমের শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। গতকাল রবিবার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শেখ আবদুল্লাহর মৃত্যুতে একজন আলেম-উলামাদের ভালোবাসার রাজনীতিবিদকে হারালাম। 

সিলেট অফিস :শেখ মোহাম্মদ আবদুল্লাহর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সিলেটে কোরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের সিলেট জেলা ও বিভাগীয় কার্যালয়, ইমাম প্রশিক্ষণ একাডেমি এবং সিলেট জেলার ১২ উপজেলায় ইসলামি ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের উপজেলা মডেল রিসোর্স সেন্টারের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টি-জেপির শোক

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর ইন্তেকালে জাতীয় পার্টি-জেপি[র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে জেপির নেতৃদ্বয় বলেন, শেখ মোহাম্মদ আবদুল্লাহ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলে, যিনি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।