করোনা দুর্যোগ মোকাবিলায় নতুন কৌশল আসছে

আপডেট : ১৫ জুন ২০২০, ০০:৩১

করোনা দুর্যোগ মোকাবিলায় নতুন কৌশল আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে  পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো.  ইউসুফ হারুন গতকাল রবিবার ইত্তেফাককে জানান, প্রেরিত প্রস্তাবটি সাধারণ ছুটি সংক্রান্ত। স্বাস্থ্য মন্ত্রণালয় রাজধানীসহ দেশের যে অঞ্চল, এলাকা শহর গ্রাম মহল্লা যখনই রেড জোন হিসেবে ঘোষণা করবে সে এলাকা সাধারণ ছুটির আওতায় বলে গণ্য হবে। সে জন্য নতুন কোনো আদেশের প্রয়োজন হবে না।

অর্থাত্ রেড জোন ঘোষিত এলাকার মধ্যে কোনো কর্মকর্তার বাসস্থান হলে তাদের অফিসে যাওয়া লাগবে না। আবার যদি রেড জোনের মধ্যে কোনো অফিস থাকে সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে। সরকারি, বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে। তবে বিশ্ববিদ্যালয়, ব্যাংক, বিমা ইত্যাদি ধরনের প্রতিষ্ঠান যারা নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয় তারা এ বিষয়ে আলাদা করে আদেশ জারি করবে।

জনপ্রশাসন সচিব জানান, সারসংক্ষেপ প্রধানমন্ত্রী অনুমোদন করার পর জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি  করবে।