স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা!

আপডেট : ১৫ জুন ২০২০, ০০:৩৪

যৌতুক না দেওয়ায় এক গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে তাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামে গত ৯ জুন এ ঘটনা ঘটে। উল্লেখ্য, মেহেদী ও সুমাইয়া প্রেম করে বিয়ে করেন মাত্র মাস তিনেক আগে। অগ্নিদগ্ধ সুমাইয়া (২০) স্থানীয় আব্দুল মান্নানের মেয়ে। জানা গেছে, সুমাইয়ার বাবা বাদী হয়ে ঘটনার রাতেই শ্রীপুর থানায় মেহেদীসহ চার জনকে আসামি করে অভিযোগ দিলেও পুলিশ একজনকে আটক করার পর আবার রহস্যজনক কারণে ছেড়ে দেয়। ভিকটিমের অবস্থার অবনতি ঘটলে অবশেষে ১২ জুন রাতে অভিযোগটি মামলা আকারে রুজু করে পুলিশ। তবে এরই মধ্যে আসামিরা পালিয়ে যায়।

সুমাইয়ার বাবা আব্দুল মান্নান জানান, কেওয়া গ্রামের সাবেক এক কাউন্সিলরের বাড়ির কেয়ারটেকার বাবুল মিয়ার ছেলে মেহেদী হাসানের (২৫) সঙ্গে তিন মাস আগে প্রেমের পরিণতিতে বিয়ে হয় সুমাইয়ার। এরপর থেকেই মেহেদী স্ত্রীর কাছে যৌতুক চেয়ে আসছিল। এক পর্যায়ে বাধ্য হয়ে আব্দুল মান্নান নিজ গোয়ালের গরু বিক্রি করে ১ লাখ টাকা দেন মেহেদীকে। পরে আরো ২ লাখ টাকা যৌতুক দাবি করে মেহেদী। দাবি মেটাতে না পারায় সুমাইয়ার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় এবং ৯ জুন মঙ্গলবার রাতে তার গায়ে আগুন দেওয়া হয়। অগ্নিদগ্ধ সুমাইয়াকে পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।