এক মাসে সিঙ্গাপুরে শনাক্ত প্রথম বহিরাগত করোনা রোগী বাংলাদেশি

আপডেট : ১৫ জুন ২০২০, ০৪:৩২

সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়ে করোনা পজেটিভ হিসেবে চিহ্নিত হলেন এক বাংলাদেশি। সেখানে তিনি অন্য একটি রোগের চিকিৎসা নিতে গেলেও পরবর্তীতে তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। একই সঙ্গে গত ১০ মের পর থেকে সিঙ্গাপুরে বহিরাগতদের মধ্যে তিনিই একমাত্র করোনা পজেটিভ।

জানা যায়, গত ১০ জুন সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশে যান ওই বাংলাদেশি। তবে সেখানে যাওয়ার আগে তার স্বাস্থ্য বিবরণীতে উল্লেখ করা হয়, তার করোনা ভাইরাসের সংক্রমণজনিত কোনো উপসর্গ নেই বা করোনা আক্রান্ত নন। তবে পরবর্তীতে করোনা পরীক্ষা করা হলে রবিবার তার ফল পজেটিভ আসে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ১৪ মে দেশটিতে নতুন করে শনাক্ত হওয়া ৪০৭ জন করোনা সংক্রমিতর মধ্যে ওই বাংলাদেশি রয়েছেন।

তারা আরো জানায়, ওই বাংলাদেশিকে প্রথম থেকেই ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ ছাড়া তিনি বের হতে পারবেন না। এছাড়াও সেখানে যাওয়ার পর তিনি যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে।

গত মার্চের শেষের দিকেই সিঙ্গাপুর খণ্ডকালীন ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এরপরও বিশেষ ক্ষেত্রে কিছু বহিরাগতদের অনুমতি দেয়া হয়। তাদের মধ্যে ওই বাংলাদেশি একজন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৬০৪ জনে দাঁড়িয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি