হাসপাতাল হাসপাতালে ঘুরেও করোনাকালে চিকিত্সা পাচ্ছেন না সাধারণ রোগীরা। কোনো চিকিত্সা ছাড়াই ফিরিয়ে দেওয়া হচ্ছে তাদের। এমন পরিস্থিতিতে রোগীদের চিকিত্সাসেবা দেওয়ার নির্দেশনা চেয়ে করা দুটি রিট আবেদনের ওপর আজ সোমবার আদেশ দেবে হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ রিট আবেদনের ওপর আদেশের জন্য গতকাল রবিবার ঐ দিন ধার্য করে দেন।
রিট আবেদনে চিকিত্সা না দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী মাহফুজুর রহমান মিলন, এ এম জামিউল হক ফয়সাল, মো. নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান ও এ কে এম এহসানুর রহমান ইমেইলযোগে এ বিষয়ে পৃথক দুটি রিট দাখিল করেন। রিটে বলা হয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে করোনা বা অন্যান্য রোগের উপসর্গ নিয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ঘুরে ঘুরে মানুষ চিকিত্সার অভাবে মারা যাচ্ছেন। এমন পরিস্থিতিতে গত ১১ মে দেশের সব হাসপাতাল ও ক্লিনিকে আগত রোগীদের ফেরত না পাঠিয়ে চিকিত্সাসেবা নিশ্চিত করতে নির্দেশনা জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। ঐ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়। কিন্তু সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত কঠোর ঐ নির্দেশনা উপেক্ষা করছে হাসপাতাল ও ক্লিনিকগুলো। করোনা সার্টিফিকেট ছাড়া সাধারণ রোগীদের ভর্তি নিচ্ছে না। কিন্তু একটি করোনা টেস্ট করানো সময়সাপেক্ষ ব্যাপার। এই টেস্টের জন্য অপেক্ষা করতে করতেই অনেক রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ ধরনের ঘটনা প্রতিদিনই দেশের সংবাদমাধ্যমে উঠে আসছে। সেজন্য রিটে সরকারের নির্দেশনা সত্ত্বেও কেন সাধারণ রোগীদের চিকিত্সা ছাড়াই ফেরত পাঠানো হয়েছে, তা জানতে চেয়ে রুল জারির জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। এছাড়া সরকারি নির্দেশনা ভঙ্গের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, রিটে তাও জানতে চাওয়া হয়েছে।
