রামগতিতে আগামীকাল থেকে লকডাউন

আপডেট : ১৫ জুন ২০২০, ০৮:১৯

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রামগতিতে ফের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সম্প্রতি এই উপজেলায় প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন চলবে। এসময়  আন্তঃউপজেলা ও আন্তঃইউনিয়নের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি উপজেলায় প্রবেশ ও বাহির নিষিদ্ধ থাকবে। এ ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ (ঔষধের দোকান ছাড়া) থাকার পাশাপাশি সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে আইন-শৃঙ্খলা, রাষ্ট্রীয় নিরাপত্তা, গোয়েন্দা কাজে নিয়োজিত সংস্থা, সরকারি অফিস এবং জরুরী পরিষেবা কাজে নিয়োজিত সংস্থাসহ ঔষধ ও চিকিৎসা সারঞ্জামাদি নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হার বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত উপজেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (১৬ জুন) ভোর ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত উপজেলাকে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না।


ইত্তেফাক/আরকেজি