বগুড়ায় ১০জন শিশুসহ নতুন করে আরও ১২৮জনের করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪০২জনে। বগুড়া সিভিল সার্জন অফিসের ডা. ফারজানুল ইসলাম নির্ঝর রবিবার রাত ৯টায় এ তথ্য জানান।
ডা. নির্ঝর জানান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ১৮৮টি পরীক্ষার ফলাফলে নতুন করে ৯৪জন করোনায় পজিটিভ হয়েছেন। এছাড়া টিএমএসএস এর পিসিআর ল্যাবে বগুড়ার ৬৮টি পরীক্ষার ফলাফলে নতুন করে ৩৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, নমুনার ফলাফল বিলম্বে আসায় আক্রান্তের উপজেলাওয়ারী ঠিকানা জানা যায়নি। তবে নতুন করে ১২৮জনের মধ্যে পুরুষ ৭৮জন, নারী ৪০জন এবং ১০জন শিশু রয়েছে।
১২৮ জনের বয়সভিত্তিক বিশ্লেষণে তিনি জানান, ১ থেকে ১৭ বছরের নিচে রয়েছে ১০জন, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে ৬৪জন, ৪১ থেকে ৫০জনের মধ্যে ২১জন, ৫১ থেকে ৭০ বছরের মধ্যে ৩২জন এবং ৭০ বছরের উপরের নতুন করে একজন আক্রান্ত হয়েছেন।
ডা. নির্ঝর জানান, এ পর্যন্ত জেলায় মোট ১৪০২জন করোনায় আক্রান্ত হলেন। তবে জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি এবং কেও সুস্থও হননি। তাই মারা যাওয়ার সংখ্যা ১৪ এবং সুস্থতার সংখ্যা ৮৬জনেই অপরিবর্তিত রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
