চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সাবেক সেনা সদস্য মোহাম্মদ ইসলামের লাশ দাফন-কাফন করলেন ‘আমরা লোহাগাড়ার মানবতার দল’ নামে একটি সামাজিক সংগঠন।
রবিবার রাতে বৃষ্টিতে ভিজে মানবতা দলের সদস্যরা উপজেলার চরম্বা মজিদার পাড়া এলাকায় কাফন-দাফনের সম্পন্ন করেন। এটি মানবতা দলের দ্বিতীয় কাফন-দাফনের কাজ।
জানা যায়,করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলার চরাম্বা ইউনিয়নের মজিদার পাড়া এলাকার মৃত মোঃ আজিজুর রহমানের পুত্র মোহাম্মদ ইসলাম (৫৫) রবিবার চট্টগ্রামের বায়াজিদস্থ সেনানিবাসের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মানবতার দলের সদস্যরা চরম্বায় চলে যায়। সন্ধ্যায় সাড়ে ৭টায় মোঃ ইসলামের লাশ চরম্বার মজিদার পাড়া গ্রামে আসলে এক কঠিন পরিস্থিতিতে কাফন-দাফনের কাজ শুরু করেন মানবতা দলের সদস্যরা। কাফন-দাফন কাজে এগিয়ে আসেনি সমাজের কেউ, এমনকি নিজের আপন ভাইও। কেউ দেয়নি, বাতি, দা ও বালতি। এমন পরিস্থিতিতে রাত ৯টার দিকে বৃষ্টিতে ভিজে মোবাইল লাইট, ছোট-ছোট চার্জ লাইট ও বাইকের আলোতে পাহাড়ের ঢালে দাফনের কাজ সম্পন্ন করতে হয় মানবতা দলের সদস্যদের।
এ ব্যাপারে মানবতা দলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান জানান, মানবতা দলের সদস্যদের নিয়ে এক কঠিন পরিস্থিতিতে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে উপজেলার চরম্বা এলাকায় সাবেক সেনা সদস্যের লাশের দাফনের কাজ শেষ করতে পেরে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এলাকায় দাফন, জানাজা ও সৎকারের জন্য দলটি সবসময় প্রস্তুত রয়েছে।
ইত্তেফাক/এমআরএম
