নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক উল্টে ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোভ্যানের ওপর পড়ে স্ত্রীসহ এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উম্মে হাবিবা (৪) নামে তাদের এক শিশুকন্যা আহত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুর ১ টার দিকে উপজেলার বনপাড়া নতুন বাজার এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার চকনুর গ্রামের মো. খতিব শেখের ছেলে আব্দুল ওয়াহাব শেখ (৩০) এবং তার স্ত্রী স্বর্ণা খাতুন (২৫)। নিহত আব্দুল ওয়াহাব বনপাড়া পৌরসভার গুণাইহাটি জামে মসজিদের ইমাম হিসাবে কর্মরত ছিলেন।
আরো পড়ুন: কেরানীগঞ্জে আরো ২৪ করোনা রোগী শনাক্ত
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, আব্দুল ওয়াহাব ও তার স্ত্রী রায়গঞ্জের নিজ বাড়ি থেকে অটোভ্যানে কর্মস্থল গুণাইহাটি যাচ্ছিলেন। পথে বনপাড়া বাজার এলাকায় মহাসড়কের ভাঙ্গা গর্তে চাকা পড়ে পাবনাগামী ধানের তুষের বস্তা বোঝাই একটি ট্রাক উল্টে যায়। এ সময় ট্রাকটি উল্টে ভ্যানের ওপর পড়লে স্বামী-স্ত্রী নিহত হন ও তাদের শিশুকন্যা গুরুতর আহত হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।
ইত্তেফাক/এএএম
