চলচ্চিত্রপ্রেমীদের কাছে তিনি এক জন নায়ক ছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটে তার একটা আলাদা পরিচয় ছিল—তিনি পর্দার ধোনি। ‘ধোনি: আনটোল্ড স্টোরি’ নামের চলচ্চিত্র করতে গিয়ে ভারতীয় ক্রিকেটের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন সুশান্ত সিং রাজপুত। এছাড়াও ‘কাই পো চে’ নামে চলচ্চিত্রে ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছেন। ফলে এই পর্দার ক্রিকেটারকে হারিয়ে স্তব্ধ হয়ে গেছে ভারতীয় ক্রিকেটাঙ্গন।
রাজপুতের এই ৩৬ বছর বয়সে চলে যাওয়ায় শোক প্রকাশ করে স্বয়ং শচীন টেন্ডুলকার বলেছেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কথা শুনে হতবাক ও দুঃখিত। এমন এক জন তরুণ ও প্রতিভাবান অভিনেতা। তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল। তার আত্মার শান্তি কামনা করি।’
ধোনি চলচ্চিত্রের জন্য রাজপুত যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিলেন টেন্ডুলকার। সেই কথা মনে করেছেন রাজপুতকে ট্রেনিং করানো সাবেক উইকেটরক্ষক কিরন মোরে। তিনি বলেছেন, ‘ট্রেনিং গ্রাউন্ডে সুশান্ত তখন হেলিকপ্টার শট প্রাকটিস করছিল। সেই সময় শচীন মাঠে আসে। গ্যালারি থেকে সুশান্তের ব্যাটিং দেখছিল শচীন। পরে আমি যখন ওর কাছে যাই, আমাকে জিজ্ঞাসা করে—ছেলেটা কে? এত ভালো ব্যাট করছে। আমি যখন বলি ওটা অভিনেতা সুশান্ত সিং রাজপুত, ধোনির বায়োপিকের জন্য প্রস্তুত হচ্ছে। শুনে রীতিমতো চমকে যায় শচীন। বলে, ও চাইলে পেশাদার ক্রিকেট খেলতে পারে। অসাধারণ ব্যাট করছে।’
রাজপুতের জন্য শোক প্রকাশ করে বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, ‘সুুশান্ত সিং রাজপুত সম্পর্কে শুনে হতবাক। এটা মেনে নেওয়া খুব কঠিন। তার আত্মার শান্তি কামনা করি।’
ভারতীয় কোচ রবিশাস্ত্রীও হতভম্ব হয়ে বলেছেন, ‘সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক মৃত্যুতে আমি হতবাক। প্রতিশ্রুতি ও সম্ভাবনা নিয়ে জেগে ওঠা জীবন হঠাত্ করেই শেষ হয়ে গেল। তার পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা।’
ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান টুইটারে লিখেছেন, ‘সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে আমি মর্মাহত। বিশ্বাস করতে পারছি না। তার পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা।’
সুরেশ রায়না বলেছেন, তিনি রাজপুতের কথা ভুলতে পারছেন না, ‘সুশান্ত সিং রাজপুত সম্পর্কে শুনে হতবাক। সে মাহির বায়োপিকের সময় আমাদের সঙ্গে সময় কাটিয়েছিল। এছাড়াও বেশ কয়েকবার তার সঙ্গে দেখা হয়েছে। আমরা একটি সুদর্শন, সদাহাসি অভিনেতা হারালাম।’
সাবেক জাতীয় দলের তারকা হরভজন সিং লিখেছেন, ‘দয়া করে আমাকে কেউ বলুন এটা মিথ্যে খবর। বিশ্বাস করতে পারছি না যে সুশান্ত সিং রাজপুত আর নেই। খুবই দুঃখিত আমি। তার পরিবারের প্রতি সমবেদনা।’
এমনকি সাবেক তারকা ভিভিএস লক্ষ্মণও শোকাহত। তিনি মানসিক সমস্যার বিষয়টা তুলে ধরে লিখেছেন, ‘মানসিক স্বাস্থ্য একটি অত্যন্ত গুরুতর সমস্যা এবং এটির আরো বেশি মনোযোগের প্রয়োজন। সংবেদনশীল, সহানুভূতিশীল, মৃদু এবং ধারাবাহিকভাবে মানসিক সমস্যায় যারা লড়াই করছে তাদের কাছে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশান্ত সিং রাজপুতের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
