কস্তা-মার্সেলোর অন্যরকম উদ্যাপন

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:১৬

প্রায় তিন মাস ফুটবলে ফেরা। তাতে গোল করে দলে অবদান রাখলেই স্মরণীয় একটা ব্যাপার হয়ে থাকত। কিন্তু দিয়েগো কস্তা আর মার্সেলো গোল করলেন, এরপর যেভাবে উদ্যাপন করলেন তাতে সেটা পেল বাড়তি মাত্রা।

অ্যাটলেটিকো মাদ্রিদ-অ্যাথলেটিক বিলবাও ম্যাচের বয়স তখন ৩৮ মিনিট। মাত্রই ইকার মুনিয়াইনের গোলে পিছিয়ে পড়েছে সফরকারী মাদ্রিদ। তখনই কস্তার সমতাসূচক গোল। এর পরই স্প্যানিশ স্ট্রাইকার ছুটে গেলেন ডাগআউটে, উঁচিয়ে ধরলেন অ্যাটলেটিকো নারী দলের খেলোয়াড় ভার্জিনিয়া তোরেচ্চিয়ার জার্সি। ২৫ বছর বয়সি ভার্জিনিয়া ব্রেন টিউমারে ভুগছিলেন। মাস দুয়েক আগে অস্ত্রোপচারের পর এখন আছেন ফেরার পুনর্বাসন প্রক্রিয়ায়। কস্তার গোল উত্সর্গের প্রতিক্রিয়ায় তিনি টুইটারে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘আপনি অসাধারণ এক জন মানুষ, আপনাকে অন্তর থেকে ধন্যবাদ।’ এদিকে মার্সেলো রবিবার রাতে এসডি এইবার এর বিপক্ষে ৩৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করার পর পরই হাঁটু গেড়ে বসে বিশ্ব জুড়ে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনে একাত্মতা পোষণ করেন।

গেল মাসে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের প্রাণ হারানোর ভিডিও আন্তর্জালে ছড়িয়ে পড়তেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার্স’ স্লোগানে তীব্র আন্দোলনে ফেটে পড়ে পুরো বিশ্ব। ফুটবলার ক্রিকেটারদের অনেকেই এখন পর্যন্ত আন্দোলনটির প্রতি একাত্মতা জানান। রবিবার এ তালিকায় যোগ দেন মার্সেলোও!