৮৫০ কোটি টাকা ঋণ অনুমোদন এডিবির

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:২৯

গ্রামীণ সড়ক যোগাযোগব্যবস্থা সম্প্রসারণে ১০ কোটি ডলার (৮৫০ কোটি টাকা) বাড়তি ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বোর্ড সভা। চলমান গ্রামীণ সড়ক নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পে এই অর্থ ব্যয় হবে। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে কৃষি উন্নয়ন জোনের সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে সহায়তা করবে এই প্রকল্প। চলমান প্রকল্পটিতে বাড়তি এই ঋণের মাধ্যমে সড়ক নেটওয়ার্ক উন্নত করা হবে। প্রকল্পটির আওতায় গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম ১ হাজার ৭০০ কিলোমিটার হতে বাড়িয়ে ২ হাজার ৬৩০ কিলোমিটার করা হবে। চলমান এই প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ সড়কগুলোকে সব আবহাওয়া উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটি সম্প্রসারণ করার ফলে ৪ কোটি মানুষ উপকৃত হবে বলে এডিবি আশা করছে। এ বিষয়ে এডিবির পানিসম্পদ বিশেষজ্ঞ অলিভার ড্রিউ উল্লেখ করেছেন, গ্রামীণ সড়কের উন্নয়ন হলে বিশেষ করে নারী ও শিশুদের সব ধরনের আবহাওয়ায় (বর্ষাকাল) চলাচল সহজ হবে। ফলে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক সেবা গ্রহণ সহজ হবে।

এডিবি উল্লেখ করেছে, বর্তমানে করোনা মহামারির প্রভাব মোকাবিলায় গ্রামীণ অবকাঠামোতে বিনিয়োগের অংশ হিসেবেও এডিবি বাড়তি ঋণ দিচ্ছে প্রকল্পটিতে। কারণ অবকাঠামোতে বিনিয়োগ হলে গ্রামীণ কর্মসংস্থান বাড়বে। স্বাস্থ্যসেবা গ্রহণের সুবিধাও বাড়বে। চলমান এ প্রকল্পটি প্রায় ৪৫ কোটি ডলার (৩ হাজার ৮০০ কোটি টাকা) ব্যয়ে ২০২৪ সালে শেষ করার লক্ষ্য রয়েছে। এতে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল প্রায় ১৫ কোটি ডলার বা ১ হাজার ২০০ কোটি টাকা।