ইরানে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েছে। রবিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ ভাইরাসে ১০৭ জনের মৃত্যু হয়েছে। এটি দেশটিতে গত দুই মাসের মধ্যে করোনায় এক দিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। খবর আনাদোলু নিউজ এজেন্সির
টেলিভিশনে দেওয়া ঘোষণায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি বলেন, তিন ডিজিটের পরিসংখ্যানটি ঘোষণা করা আজ আমাদের জন্য খুব বেদনাদায়ক ছিল। নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জমায়েত না হওয়া ও ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দুই ডিজিট এবং পরবর্তী সময়ে এক ডিজিটে নেমে আসবে। এর আগে সর্বশেষ গত ১৩ এপ্রিল করোনায় এক দিনে শতাধিক মানুষের মৃত্যুর খবর জানায় ইরানের কর্তৃপক্ষ। ঐ সময়ে মৃতের সংখ্যা ছিল ১১১।
করোনা পরিস্থিতির আপাতত উন্নতির পরিপ্রেক্ষিতে গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে লকডাউন শিথিল করতে শুরু করে ইরান। তবে শনিবার প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, লোকজন যদি স্বাস্থ্যবিধি মেনে না চলে তাহলে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হবে।
