ফিলিপিনো প্রেসিডেন্টের দুশ্চিন্তার কারণ কে এই সাংবাদিক মারিয়া?

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:৩২

দীর্ঘদিনের অবিরাম পরিশ্রম আর সাহসী প্রতিবেদনের মাধ্যমে ফিলিপাইনে সাংবাদিকতার প্রতিমূর্তি হয়ে উঠেছেন মারিয়া রেসা। আট বছরের পুরোনো এক প্রতিবেদনের জেরে সমপ্রতি তাকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। এর জন্য ছয় বছরের জেলও হতে পারে মারিয়ার। সরকারের সঙ্গে বিবাদের কারণেই তাকে এ সাজা দেওয়া হচ্ছে বলে মত অনেকের। এটিকে ফিলিপাইনের গণমাধ্যমের স্বাধীনতায় দুতের্তে সরকারের হস্তক্ষেপ হিসেবেও দেখছেন কেউ কেউ।

কে এই মারিয়া?

মারিয়া রেসার জন্ম ফিলিপাইনে। তবে সামরিক আইন জারি হওয়ার পর ছোটো থাকতেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনো শেষে শেকড়ের টানে আবারও জন্মস্থানে ফিরে আসেন। আশির দশকে যখন মারিয়া ফিলিপাইনে ফেরেন, তখন সেখানে জনঅভ্যুত্থান চলছিল। সামরিক শাসনের বিরুদ্ধে সেই সময় রাস্তায় নেমে আন্দোলন করছিল স্বাধীনচেতা মানুষজন। তখন থেকেই লেখালেখিতে হাতেখড়ি হয় মারিয়ার। সাংবাদিকতার মাধ্যমেই আশির দশকে প্রথমবারের মতো রড্রিগো দুতের্তের মুখোমুখি হন তিনি। ধীরে ধীরে সিএনএন, এবিএস-সিবিএনের মতো  আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িয়ে পড়েন মারিয়া রেসা।