করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন জেলা, উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন এলাকাকে রেড জোন (উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা) ও ইয়েলো জোন (মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা) ঘোষণা করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। কোথাও কোথাও লকডাউন শুরু হয়েছে। এলাকাভিত্তিক জনসংখ্যার পাশাপাশি সংক্রমণ ও রোগীর সংখ্যা বিবেচনায় জোনভিত্তিক এলাকা চিহ্নিত করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
চট্টগ্রাম :চট্টগ্রামে ১৪ উপজেলাকে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। এদের মধ্যে লাল জোনে ৯টি, হলুদ জোনে তিনটি এবং সবুজ জোনে দুইটি উপজেলা রয়েছে। গত রবিবার রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় এসব জোনের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে হাটহাজারী, পটিয়া, সীতাকুন্ড, আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী, রাঙ্গুনিয়া, রাউজান উপজেলাকে লাল জোন চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে সাতকানিয়া লোহাগাড়া, ফটিকছড়ি হলুদ জোন এবং মিরসরাই, সন্দ্বীপকে সবুজ জোনের তালিকায় রাখা হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, লাল জোন ঘোষিত উপজেলাগুলোকে পর্যায়ক্রমে লকডাউনের আওতায় আনা হবে। তবে এখনো পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা আসেনি। চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ডকেও রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কুষ্টিয়া :কুষ্টিয়া জেলার ১৮টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার কিছু এলাকা ও জেলার ভেড়ামারা উপজেলার দুটি এলাকা সোমবার রেড জোনের আওতায় এনেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, করোনা প্রতিরোধ ও জনস্বাস্থ্যঝুঁকি বিবেচনায় জেলার সদর উপজেলার বেশ কিছু এলাকা লাল, হলুদ ও সবুজ হিসাবে জোনভিত্তিক চিহ্নিত করা হয়েছে। ভেড়ামারা উপজেলার দুটি ইউনিয়ন হচ্ছে বাহিরচর ও চাঁদগ্রাম। অপরদিকে ভেড়ামারা পৌরসভার ওয়ার্ডভিত্তিক এলাকাগুলোর মধ্যে বামনপাড়া, কুঠিবাজার, ফারাকপুর, নওদাপাড়া, পূর্ব রেলগেট উল্লেখযোগ্য।
খাগড়াছড়ি :স্বাস্থ্য বিভাগ থেকে মানিকছড়ি উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার বিকাল পৌনে ৩টায় জেলার সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ মানিকছড়ি উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেন।
ময়মনসিংহ :ময়মনসিংহ সিটি করপোরেশনের তিনটি এলাকা ও ভালুকা উপজেলার একটি ইউনিয়নকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।রেড জোন এলাকাগুলো হলো—ময়মনসিংহ নগরীর চরপাড়া ও মেডিক্যাল কলেজ এলাকা, কাঁচিঝুলি ও আকুয়া এলাকা এবং ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন। জেলা প্রশাসক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ :সুনামগঞ্জ ও ছাতক পৌরসভাকে আলাদাভাবে রেড জোন এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া ছাতক উপজেলার নোয়ারাই, কালারুকা, ছৈলা আফজালাবাদ ও জাউয়া ইউনিয়নে কোভিড রোগে আক্রান্তের সংখ্যা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, আজ থেকে রেড জোন এলাকায় কঠোর নিয়ন্ত্রণারোপ করা হবে।
গাইবান্ধা :গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রবিবার রেড জোন ঘোষিত এলাকাগুলোতে সোমবার ভোর ৬টা লকডাউন শুরু হয়েছে। লকডাউন আওতাভুক্ত এলাকাগুলো হলো—গোবিন্দগঞ্জ পৌরসভার সম্পূর্ণ ৬ নম্বর ওয়ার্ড এলাকা, ৫ নম্বর ওয়ার্ডের প্রধানপাড়া ও হীরকপাড়া, ৭ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া ও প্রগতিপাড়া এবং ৮ নম্বর ওয়ার্ডের পূর্বপান্থাপাড়া ও গোরস্থানপাড়া। এছাড়া উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর (কামারপাড়া), ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল বাতাইল, মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর ও কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি।
কেশবপুর (যশোর) :কেশবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে যশোরের সিভিল সার্জনের কার্যালয়ের কোভিড-১৯ মোকাবিলায় এক জরুরি সভায় কেশবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কেশবপুর ও ভোগতি নরেন্দ্রপুর (পূর্বাংশ) এলাকা রেড জোনের আওতায় আনা হয়েছে।
মির্জাপুর (টাঙ্গাইল) :মির্জাপুরে পৌরসভার তিন নম্বর ওয়ার্ড রেড জোন ঘোষণা করে লকডাউন করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক মোস্তাকিম গণবিজ্ঞপ্তি জারি করেছেন। ১৬ জুন থেকে ২৫ জুন পর্যন্ত এই ১০ দিন লকডাউন থাকবে।
রামগতি (লক্ষ্মীপুর) :করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রামগতিতে আজ (মঙ্গলবার) থেকে ফের লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন চলবে।
সুজানগর (পাবনা): সোমবার থেকে স্থানীয় প্রশাসন লকডাউন ঘোষণা করে। লকডাউন চলাকালে শহর এলাকায় একমাত্র ওষুধের দোকান ব্যতীত সব দোকানপাট বন্ধ থাকবে। কেউ লকডাউন ভেঙে দোকানপাট খোলা রাখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা জানান।
