ফিরে দেখা ২০১৮ মিউজিক

ভাইরাল হওয়া গান মানে জনপ্রিয় নয়

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৯:০২

কোন গানটা হিট হলো এখন বের করা বেশ মুশকিল। অনেকেই হয়তো বলবেন, যে গানের ভিউ বেশি সেই গানটা হিট। আসলেই কি হিট গানের সংজ্ঞা এমন? সাময়িক ভাইরাল হওয়া গানকে কি হিটের তকমা দেওয়া যায়। এসব গান তো কিছু সময়ের জন্য উন্মাদনা ছড়িয়ে আবার বাতাসেই মিলিয়ে যায়। মানুষ মনেই রাখে না সেই গান। তবে এমন ভাইরাল হওয়া গানকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই গানগুলোই তো সব নয়। একটা কথা অস্বীকার করার উপায় নেই, অনেকেই ২০১৮ সালে ভাইরাল গানের শিল্পী হওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন।

অ্যালবামে একসঙ্গে ১০-১২টা গান পাওয়া এখন অতীত। নতুন প্রজন্মের শ্রোতারা হয়তো জানেনই না একদিন এমন করে অডিও অ্যালবাম প্রকাশিত হতো। তিনটা করে গান নিয়ে অ্যালবাম করার দিনও মৃতপ্রায়। এখন একটা করে গান প্রকাশিত হয়। সংগীত প্রযোজনা সংস্থাগুলো তাদের ইউটিউব চ্যানেলে নতুন গানটি প্রকাশ করেন। অনেক শিল্পীই এখন নিজের ইউটিউব চ্যানেলে তাদের নতুন গান প্রকাশ করছেন। অনেক ক্ষেত্রে কবে, কখন, কিভাবে নতুন গান প্রকাশিত হচ্ছে অজানাই থেকে যাচ্ছে। কোনো গান ভাইরাল হলেই এখন অনেকেই শুনছেন সেই গানটা।

২০১৮ সালে সংগীতে সবচেয়ে পরিচিত উচ্চারিত শব্দ ‘ভাইরাল’। ভালো কথা, সুর, গায়কী সেখানে মুখ্য নয়। তার ফলে অনেক মানসম্পন্ন গান আড়ালেই থেকে গেছে । তার জন্য দায়ী হয়তো আমরা শ্রোতারা। পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই। ভালো গান পাশে ফেলে রেখে ভাইরাল হওয়া গানের দিকে ঝুঁকে পড়েছি অনেকেই। এতে করে সংগীতের কতটা উপকার হচ্ছে ঠিক জানা নেই। ২০১৮ সালে একক গানের পাশাপাশি নাটক আর ওয়েব সিরিজের জন্য গান প্রকাশিত হয়েছে। নতুন ধারা হিসেবে নাটক আর ওয়েব সিরিজটি প্রচার হওয়ার পর আলাদাভাবে গানটি প্রকাশিত হচ্ছে ইউটিউবে। গানের এই নতুন মাধ্যম ভালো কি মন্দ সেটা বিচার করার সময় এখনো আসেনি। তবে অনেক গান তৈরি হচ্ছে নাটক আর ওয়েব সিরিজকে কেন্দ্র করে।

২০১৮ সালে তারকা কণ্ঠশিল্পীদের পাশাপাশি অনেক নবীন কণ্ঠশিল্পীর নতুন গান প্রকাশিত হয়েছে ইউটিউবে। ভাইরাল হওয়া কণ্ঠশিল্পীরাও রয়েছেন এই তালিকায়। সব মিলিয়ে একটু পিছনে ফিরে দেখা সংগীতের অঞ্চলে।

এই বছরে সবচেয়ে বেশি একক গান প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। নিয়মিত গান প্রকাশের তালিকায় প্রথমেই রয়েছেন। বছরের শুরুতে ‘প্রথম দেখা’, এরপর একে একে ‘ফুঁ’, আঁখি আলমগীরের সঙ্গে দ্বৈত ‘টিপটিপ বৃষ্টি’, কর্নিয়ার সঙ্গে দ্বৈত গান ‘একবার ছুঁয়ে যা হূদয়’, ‘আগুন পানি’সহ অনেকগুলো গান প্রকাশ করেছেন। এর মধ্যে বেশ কয়েকটি গান শ্রোতারা পছন্দ করেছেন।  ইমরান সারা বছর সরব ছিলেন গানে। তার গাওয়া বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তায় শীর্ষে অবস্থান করেছে। আধুনিক ও সিনেমার প্লেব্যাক দুই মাধ্যমেই ব্যস্ত ছিলেন তিনি। বছরের শুরুতে ‘নূরজাহান’ সিনেমায় ‘মন বলেছে’ গানটি প্রথম আলোচনায় আসে। গানটিতে তার সহশিল্পী ছিলেন কণা। এরপর ‘ইশ’, ‘এমন একটা তুমি চাই’, ‘আমার এ মন’ ও ‘পোড়ামন-২’ ছবির গানটি শ্রোতাপ্রিয়তার শীর্ষে চলে আসে। এই গানটিতেও তার সহশিল্পী ছিলেন কণা। সালমান শাহকে নিয়েও একটা গান করেন তিনি। এরমধ্যে ‘এমন একটা তুমি চাই’, ‘ওহে শ্যাম’, ‘ইশ’ গানগুলো বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছে ।

হাবিব ওয়াহিদের অনেকগুলো একক গান প্রকাশিত হয়েছে ২০১৮ সালে। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও নিজের ইউটিউব চ্যানেলেও গান প্রকাশ করেছেন। বছরের শুরুতে গানচিল থেকে প্রকাশিত হয়েছে ‘চলো না’ শিরোনামের একটি গান। এরপর ‘ঝড়’, ‘আবার তুই’, ‘রাজি’, ‘তোমার চোখে ভুল’ গানগুলো প্রকাশিত হয়। এ ছাড়া ন্যান্সির সঙ্গে দ্বৈত গান ‘একটু পাগল না হলে কি’ প্রকাশিত হয়েছে বছরের শেষদিকে। গানগুলোর মধ্যে ‘চলা না’, ‘একটু পাগল না হলে কি’ গানদুটি প্রশংসিত হয়েছে দর্শক-শ্রোতাদের কাছে।

তাহসানকে এই বছর গানে খুব একটা পাওয়া যায়নি। বছরের শুরুতে পূজার সঙ্গে দ্বৈত গান ‘একটাই তুমি’ ও কোনালের সঙ্গে ‘যদি একদিন’ চলচ্চিত্রের দ্বৈত গান ‘আমি পারব না তোমার হতে’ গান দুটি প্রশংসিত হয়েছে শ্রোতাদের কাছে।

গান নিয়ে সারা বছরই ব্যস্ত ছিলেন মিনার। নতুন গানগুলোর মধ্যে রয়েছে ‘যদি তুমি জানতে’, ‘কেন দিশেহারা’ ও ‘তুই তো আমার সব’। পাশাপাশি কলকাতার ‘ফিদা’ ছবিতে ‘একা একদিন’ শিরোনামের গান করেন। গানগুলোর মধ্যে ‘কেন দিশেহারা’, ‘যদি তুমি জানতে’ গান দুটি আলোচিত হয়েছে শ্রোতাদের মধ্যে।

কুমার বিশ্বজিত্ নতুন গান নিয়ে ছিলেন শ্রোতাদের সঙ্গে। ‘বলতে পারিনি’ শিরোনামের নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানটি শ্রোতাদের কাছে প্রশংসিত হয়েছে। কণ্ঠশিল্পী, প্রযোজক ধ্রুবগুহের গাওয়া ‘তোমার ইচ্ছা হলে’ গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় ছিল। 

ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী তার বাবা বরেণ্য কণ্ঠশিল্পী মাহমুদুন্নবীর গাওয়া জনপ্রিয় কিছু গান নিয়ে ‘আমার গানের প্রান্তে’ শিরোনামের অ্যালবাম নিয়ে প্রশংসিত হয়েছেন। অ্যালবামটি প্রকাশ করে বেঙ্গল ফাউন্ডেশন। এ ছাড়া ‘চোখের কার্নিশে’ শিরোনামে একটি গান প্রশংসতি হয় ফাহমিদা নবীর। প্রশংসিত অন্য গানগুলোর মধ্যে রয়েছে প্রিন্স মাহমুদ ফিচারিং ন্যান্সির গাওয়া ‘বাড়ি’, এলিটার গাওয়া ‘কবি’ শিরোনামের দুটি গান। কাজী শুভ’র কয়েকটি নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। তার মধ্যে ‘জোর কইরা পিরিতি’ ও ‘সাজাবো তোমায়’ গান দুটি শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত হয়েছে। তানজীব সারোয়ারের গাওয়া ‘দেউলিয়া’ শিরোনামের একটি গান বছরের শুরুর দিকে বেশ প্রশংসিত হয়। এ ছাড়া কর্ণিয়া ও আসিফ আকবরের সঙ্গে দ্বৈত গান ‘একবার ছুঁয়ে যা হূদয়’ গানটি দিয়ে আলোচনায় ছিলেন। ‘পোড়ামন-২’ ছবির ‘সুতোকাটা ঘুড়ি’ গানটি গেয়ে শ্রোতাদের পছন্দের তালিকায় ছিলেন নদী।

২০১৮ সালে ভাইরাল হওয়া গানের মধ্যে রয়েছে আরমান আলিফের গাওয়া ‘অপরাধী’ গানটি। গানটি প্রকাশের কিছুদিনের মধ্যে ১০ জুন ২০১৮, ১০ কোটি ভিউ অতিক্রম করে। বাংলা গানে প্রথম এতটা ভিউয়ের গান অপরাধী। পরে ‘নেশা’ নামে আরেকটি গান প্রকাশ করেন তিনি। এ ছাড়া ভাইরাল হওয়া অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন টুম্পা খান। প্রথমে ‘অপরাধী’ গানটা কাভার করে ভাইরাল হন পরে দু-একটা মৌলিক গান করেছেন। কাভার গান গাওয়া অন্য শিল্পী হলেন মাহতিম সাকিব। তার গাওয়া মৌলিক গান ‘বুকের বা পাশে’ গানটি শ্রোতারা বেশ ভালোভাবে গ্রহণ করেছে।

নুসরাত ফারিয়া ‘পটাকা’ শিরোনামের একটি গান গেয়ে গায়িকা হিসেবে আলোচিত হন। ভালো-মন্দ নিয়েই আলোচনায় ছিলেন ‘পটাকা’ নিয়ে। পড়শীর গাওয়া ‘রাস্তা’ গান নিয়েও কিছুটা সমালোচিত হন তিনি।

২০১৮ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন অনেক জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী শাম্মী আখতার। ১৯ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান কণ্ঠশিল্পী সাবাতানি। সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু ২২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু রুপালি গিটার ফেলে চলে যান ১৮ অক্টোবর।