সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন হেফাজত আমির আহমদ শফী

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:৪৫

হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও আল-জামিয়াতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন।

সোমবার (১৫ জুন) বিকাল ৩টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে চিকিৎসা শেষে মাদ্রাসায় ফিরে আসেন।

গত ৭জুন রবিবার আল্লামা শফী অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার পর পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেদিন রাত ৮টার দিকে আল্লামা শফীকে আইসিইউতে নেয়া হয়। পর দিন সকাল থেকে তার শ্বাসকষ্ট কমে আসে এবং শারীরিক অবস্থান উন্নতি হতে শুরু করে।

এরমধ্যে ৮জুন সোমবার আল্লামা শফীর চিকিৎসায় মেডিকেল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছিল। সেদিন দুপুর ১২টায় চমেক হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. রঞ্জন কুমার নাথ ও মেডিসিন বিভাগের প্রধান ডা. সুজত পালের নেতৃত্বে এই মেডিকেল বোর্ড বৈঠকে বসেছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন আল্লামা শফীর জ্ঞান ফিরে আসে এবং মেডিকেল বোর্ডের পরামর্শে আল্লামা শফীর বিভিন্ন পরীক্ষা করা হয়, কিন্তু তাতে খারাপ কিছু আসেনি।

প্রসঙ্গত, আল্লামা শফীর বয়স ১০৩ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজম জনিত সমস্যায় ভুগছেন।

 ইত্তেফাক/এসআই