প্রামাণ্যচিত্রে মুক্তির উত্সব

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:৪৮

এই করোনাকালের দমবন্ধ সময়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করেছে লিবারেশন ডকফেস্ট এর। যখন সারাবিশ্বে চলছে লকডাউন। ঘর থেকে বের হওয়াও ঝুঁকির মুখে। তখন বাংলাদেশে বসছে আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উত্সব। উত্সবের এবারের শ্লোগান ‘নতুন সময়ে নতুন চলচ্চিত্র’ আর উত্সবের থিম ‘বঙ্গবন্ধু মুক্তিদাতা’। আয়োজকরা জানান, বিশ্বের নানা দেশের এসব তথ্যচিত্রে উঠে আসবে এই সময়ের কথা এবং মানুষের মুক্তি ও অধিকারের কথা। প্রতিবছর এই আয়োজনটি হয় জাঁকজমকপূর্ণ। এবার সব আয়োজনই হচ্ছে তবে তা অনলাইনে। মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী অষ্টম লিবারেশন ডকফেস্ট বা মুক্তি ও মানবাধিকার প্রামাণ্যচিত্র উত্সব। সকাল এগারোটায় মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকি এ উত্সবের উদ্বোধন করবেন।

লিবারেশন ডকফেস্টের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে অনলাইন চলচ্চিত্র উত্সব। দেশ-বিদেশের তথ্যচিত্র দিয়ে সাজানো হয়েছে এ উত্সব। এ উত্সবে ভারত, ফ্রান্স, মালয়েশিয়া, সিরিয়া, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, জাপান, জার্মানি, গ্রিসসহ বিশ্বের ৫০টি দেশের নির্মাতাদের প্রামাণ্যচিত্র উপভোগ করবেন দর্শকরা। উত্সব চলবে ২০ জুন শনিবার পর্যন্ত। এবারের উত্সবে ৫০টি দেশের ৮৫টি প্রামাণ্যচিত্র অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশের প্রমাণ্যচিত্র ১৫টি। দেশের এবং দেশের বাইরের দর্শকরা সরাসরি বিমানমূল্যে দেখতে পারবেন এ উত্সবের প্রামাণ্যচিত্রগুলো। উত্সবে ছবি দেখতে আগ্রহী দর্শকদের নিবন্ধন করতে হবে। www.liberationdocfestbd.org এই ঠিকানায় রেজিস্ট্রেশনের পাশাশাপাশি উত্সবের অন্তর্ভুক্ত ছবিসহ নানা তথ্য জানা যাবে। রেজিস্ট্রেশনকারী সবাই প্রামাণ্যচিত্রের তালিকা, সময়সূচি এবং তথ্যাদি নিয়মিতভাবে পাবেন। তিনটি বিভাগে প্রদর্শিত হবে উত্সবের ছবিসমূহ। প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ও জাতীয় বিভাগের পাশাপাশি বিভিন্ন প্যাকেজে প্রামাণ্যচিত্রসমূহ প্রদর্শিত হবে। জাতীয় বিভাগের অন্তর্ভুক্ত ‘বঙ্গবন্ধু মুক্তিদাতা’  শাখায় থাকছে বঙ্গবন্ধু ও তৃতীয় বিশ্বের নেতাদের নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড  শীর্ষক আন্তর্জাতিক বিভাগে দেখা যাবে বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ও সাম্প্রতিক তথ্যচিত্র। এছাড়া শিক্ষার্থীদের নির্মিত ‘ওয়ান মিনিট ফিল্ম’ সেকশনে প্রদর্শিত হবে পূর্ব ভারতের নতুন প্রামাণ্যচিত্রসমূহ। আগ্রহী দর্শক বিনামূল্যে এইসব প্রামাণ্যচিত্র দেখতে পারবেন।

উত্সবের উদ্বোধনী দিন বুধবার আন্তর্জাতিক বিভাগে প্রদর্শিত হবে শ্যারলোট মুলার নির্মিত বেলজিয়ামের প্রামাণ্যচিত্র  ‘নো ম্যান’স ল্যান্ড’। জাতীয় বিভাগের প্রদর্শিত হবে বিপ্লব সরকার নির্মিত বাংলাদেশি ছবি ‘লাইফ ইজ এভরিহোয়্যার’। স্পেশাল প্যাকেজে প্রদর্শিত হবে কিভনি শশী পরিচালিত ভারতীয় ছবি ‘আন্ডার দ্য লংফুরু’।