মানিকগঞ্জে শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় সওজের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দিনব্যাপী মানিকগঞ্জ সড়ক বিভাগের রাস্তার দু’পাশের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগের যুগ্মসচিব ও আইন কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী। এ সময় মানিকগঞ্জ সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গাউস-উল-হাসান মারুফ, উপবিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান উপস্থিত ছিলেন। গাউস-উল-হাসান মারুফ বলেন, আরিচা লঞ্চঘাট এলাকার ড্রেন নির্মাণ এবং উন্নয়ন কাজের স্বার্থে আমাদের এই উচ্ছেদ অভিযান। অভিযানের আগে তাদের সতর্কতা নোটিশ প্রদান ও মাইকিং করা হয়েছিল। এর পরেও যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। অভিযানে আরিচা ঘাট এলাকার অবৈধ ২০টি দোকানপাট, ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। তিনি আরো জানান, রাস্তা প্রশস্তকরণ ড্রেন নির্মাণের কাজের জন্য সড়কের দুই পাশে সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে এর আগে অনেকবার সড়ক ও জনপদের রাস্তা দখলকারীদের উচ্ছেদের নোটিশ দিলেও তারা নিজেরা সড়ক ও জনপদের রাস্তা ছেড়ে না দেওয়ায় সর্বশেষ এই অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগ। উচ্ছেদ অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, পল্লী বিদ্যুত্ এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
