বিদায় নিয়েছে ২০১৮ সাল। শুরু হয়েছে নতুন বছর। গেল বছরে বলিউডে মুক্তি পেয়েছে অসংখ্য সিনেমা। যাতে অভিনয় করেছেন বলিউডের তারকা অভিনয়শিল্পীরা। ২০১৮ সালে বলিউডের সেরা তিন অভিনেত্রীর কথা উল্লেখ করতে গেলে যাদের কথা বলতে হয় তারা হলেন দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা ও আলিয়া ভাট। প্রথমেই দীপিকা পাড়ুকোনের কথা বলা যাক। এ বছর তার অভিনীত একটি মাত্র সিনেমা ‘পদ্মাবত’ মুক্তি পেয়েছে। এ একটি সিনেমাটি দিয়েই বাজিমাত করেছেন বলিউডের জনপ্রিয় এই তারকা অভিনেত্রী। ঐতিহাসিক ঘটনাভিত্তিক ‘পদ্মাবত’ সিনেমাটি ছিল বড় আয়োজনে নির্মিত। সিনেমাটি নির্মাণকাল থেকে সবার মনোযোগ আকর্ষণ করেছিল। এ সিনেমায় তের-চৌদ্দ শতকের কিংবদন্তি রাজপুত রানি পদ্মাবতী চরিত্রে রূপদান করেছেন দীপিকা। অভিনীত চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ‘পদ্মাবত’ সিনেমার বিরাট বক্স অফিস সাফল্য এবং কেন্দ্রীয় চরিত্রে তার অনবদ্য অভিনয় দীপিকাকে ২০১৮ সালের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে অধিষ্ঠিত করেছে বলিউডে। গত বেশ কয়েক বছর ধরে একটানা সাফল্য তাকে এমনিতেই হিন্দি সিনেমার শীর্ষ তারকা অভিনেত্রীর অবস্থানে পৌঁছে দিয়েছে। যেকোনো ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার যোগ্যতা দীপিকার পথচলাকে মসৃণ করেছে। গত বছর অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের প্রেমিক বলিউড অভিনেতা রণবীর সিংকে বিয়ে করে দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন তিনি। ফলে ২০১৮ সালটি দীপিকা পাড়ুকোনকে সবক্ষেত্রে সমৃদ্ধ করেছে বলা যায়।
এরপর আনুশকা শর্মার কথা বলতে হয়। ২০১৮ সালে তার ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হলো ‘পরী’, ‘সানজু’, ‘সুঁই ধাগা’ এবং ‘জিরো’। অভিনীত চারটি সিনেমায় আনুশকা ছিলেন দারুণ উজ্জ্বল। প্রতিটিতে ভিন্ন ধরনের চরিত্রে রূপদান করেছেন তিনি। অভিনয় দর্শকদের হূদয় ছুঁয়ে গেছে খুব দ্রুত। সবাই তার কাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। ‘পরী’ সিনেমাটি বক্স অফিসে খুব ভালো ফলাফল না করলেও বাকি তিনটি সিনেমার সাফল্য চোখে পড়ার মতো। ‘সুইধাগা’ সিনেমায় বলিউডি গ্ল্যামারাস নায়িকার ঝলমলে ইমেজ ভেঙে খুব সাধারণ আটপৌরে মেহনতী নারীর ভূমিকায় আনুশকার সহজ সাবলীল অভিনয় সবাইকে অবাক করেছে। ওদিকে শাহরুখ খানের ‘জিরো’ সিনেমাটি নানাভাবে বিরূপ সমালোচনার মধ্যে পড়লেও এ সিনেমায় পক্ষাঘাতগ্রস্ত এক মেধাবী তরুণীর ভূমিকায় আনুশকার হূদয়স্পর্শী অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শক-সমালোচক সবার। অভিনেত্রী হিসেবে তার অনেক উত্তরণ ঘটেছে, গত বছরের চারটি সিনেমায় এটা প্রমাণ করেছেন আনুশকা। অভিনয়ে উত্কর্ষতা প্রকাশ, অভিনীত সিনেমাগুলোর বিরাট সাফল্য ইত্যাদি বিচারে তাকে ২০১৮ সালের অন্যতম সেরা বলিউড অভিনেত্রী বিবেচনা করা যায়।
আলিয়া ভাটও দীপিকার মতো মাত্র একটি সিনেমা দিয়ে বাজিমাত করেছেন ২০১৮ সালে। মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’ সিনেমায় পাকিস্তানি সেনা কর্মকর্তাকে বিয়ে করে পাকিস্তানে অবস্থানকারী এক ভারতীয় তরুণী শেহমাত খানের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। আলিয়া ভাটের ক্যারিয়ারে স্মরণীয় একটি সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে ‘রাজি’। এর মধ্যে ২০১৮ সালের সেরা অভিনেত্রী হিসেবে স্ক্রিন পুরস্কার লাভ করেছেন তিনি এ সিনেমায় অভিনয়ের জন্য। বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে আলিয়া এমনিতেই এগিয়ে আছেন। নির্মাতারাও আজকাল ভিন্ন ধরনের জটিল চ্যালেঞ্জিং রোলে আলিয়া ভাটকে কাস্ট করছেন গ্ল্যামারাস নায়িকার চরিত্রের পাশাপাশি। ‘রাজি’ সিনেমায় তার অভিনীত চরিত্রটি বলিউডের গতানুগতিক গ্ল্যামারাস নায়িকা চরিত্র থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এর মধ্যে সেরা অভিনেত্রী হিসেবে একটি পুরস্কার ঝুলিতে পুরলেও ‘রাজি’ সিনেমায় অভিনয় জন্য আরও কয়েকটি পুরস্কার অর্জন করবেন আলিয়া, ধারণা করা যায়। গত বছরের প্রাপ্ত সাফল্যের ধারাবাহিকতা চলতি বছর অর্থাত্ ২০১৯-এ ধরে রাখতে সক্ষম হবেন দীপিকা, আনুশকা ও আলিয়া; আশা করা যায়।
