করোনা মোকাবিলা

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রিকুইজিশনের সুযোগ আছে :হাইকোর্ট

আপডেট : ১৫ জুন ২০২০, ২২:৩৭

করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে সরকার চাইলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকসমূহকে রিকুইজিশনের সুযোগ রয়েছে। একইসঙ্গে জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপকে সক্রিয় করতে বলেছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক ভার্চুয়াল বেঞ্চ গতকাল সোমবার এ অভিমত দেয়।

আদালত বলেছে, দেশে বিদ্যমান সামগ্রিক পরিস্থিতি অর্থাত্ বর্তমানে দেশে বিরাজমান করোনা পরিস্থিতি একটি ‘দুর্যোগ’ বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রমের পাশাপাশি সরকার দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২-এর ধারা-১৪ অনুসারে ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অরডিনেশন গ্রুপ’ (জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপ) এর কার্যক্রমকে সক্রিয় করার বিষয়টি বিবেচনায় নিতে পারে। আইনের ১৪ ধারায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে এই সাড়াদান সমন্বয় কমিটি গঠনের কথা বলা হয়েছে।আদালত বলেছে, এ কমিটি কার্যকর হলে ঐ কমিটির সুপারিশের আলোকে আইনের ২৬ ধারা অনুযায়ী বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রিকুইজিশন করা যেতে পারে। আইনের এ ধারায় হুকুমদখলের কথা

বলা হয়েছে। এতে উল্লে­খ রয়েছে যে, ২৬। (১) জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপ-এর নির্দেশনার আলোকে জেলা প্রশাসক যে কোনো কর্তৃপক্ষ বা ব্যক্তির নিকট হতে সম্পদ, সেবা, জরুরি আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত ভবন, যানবাহন বা অন্যান্য সুবিধাদি হুকুমদখল বা রিকুইজিশন করতে পারবে। (২) উপ-ধারা-(১) এর অধীন কোনো হুকুমদখল বা রিকুইজিশন-এর আদেশ প্রদান করা হলে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষ বা ব্যক্তি উহা মান্য করতে বাধ্য থাকবেন।

(৩) সরকার, উপ-ধারা-(১) এর উদ্দেশ্য পূরণকল্পে, হুকুমদখল বা রিকুইজিশনের পদ্ধতিসহ আনুষঙ্গিক বিষয়াদি বিধি দ্বারা নির্ধারণ করবে।

করোনায় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের আইসিইউ রিকুইজিশন ও সেন্ট্রাল বেড ব্যুরো স্থাপনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে রোগীদের জরুরি চিকিত্সাসেবা প্রদানের নির্দেশনা চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়াদিয়া জামান।

ঢাকা লকডাউনের রিটে

আদেশ নয় : হাইকোর্ট

পুরো ঢাকা শহরকে লকডাউন ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আদেশ দেয়নি হাইকোর্ট। আদালত বলেছে, সরকার এরই মধ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশ কোভিড-১৯ রোগীর সংখ্যা বিবেচনায় লাল, হলুদ ও সবুজ জোনে বিভক্ত করে পর্যায়ক্রমে লকডাউনের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এমতাবস্থায় লকডাউনের বিষয়ে কোনো আদেশ দেওয়া সংগত হবে না মর্মে আদালত মনে করে। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একক ভার্চুয়াল বেঞ্চ এ মন্তব্য করে।

পুরো ঢাকা শহরকে লকডাউন চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী মনজিল মোরসেদ।