নিষেধ উপেক্ষা করে মোবাইল ব্যবহার, মায়ের হাতে মেয়ে নিহত

আপডেট : ১৫ জুন ২০২০, ২২:৩৭

নবাবগঞ্জে মায়ের নিষেধ উপেক্ষা করে মোবাইল ফোন ব্যবহার করায় মায়ের হাতে প্রাণ হারিয়েছে মেয়ে ফাতেমা খাতুন (১৪)। ঘটনাটি ঘটেছে, গত রবিবার বিকালে নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের বড় মাগুরা বালুয়ারচড়া গ্রামে। ফাতেমা খাতুন একই গ্রামের বালু মিয়ার মেয়ে ও অষ্টম শ্রেণির ছাত্রী। গতকাল সোমবার লাশের ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মা রহিমা বেগমের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেয়ে ফাতেমা খাতুন মাকে না দেখিয়ে মোবাইল ফোন ব্যবহার করে। বিষয়টি টের পেয়ে মা রহিমা বেগম ক্ষিপ্ত হয়ে যান। তিনি ফাতেমা খাতুনকে মারধরসহ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় টানাহ্যাঁচড়া করেন। এ সময় শ্বাসরোধে ফাতেমা খাতুনের মৃত্যু হয়। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রহিমা বেগমকে আটক করা হয়। ঘটনার সময় ফাতেমার বাবা বালু মিয়া কাঁঠাল বিক্রি করতে বাজারে ছিলেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বলেন, ‘ফাতেমা খাতুন নিহত হওয়ার বিষয়ে তার চাচা আলম মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। রহিমা বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।