মোহাম্মদ নাসিমের মৃত্যুতে কাজীপুর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

আপডেট : ১৫ জুন ২০২০, ২২:৩৮

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সিরাজগঞ্জ-১ আসনের এমপি মোহাম্মদ নাসিমের মৃত্যুতে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি  ঘোষণা করেছে। গতকাল সোমবার দুপুরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

তিনি বলেন, মোহাম্মদ নাসিমের আকস্মিক মৃত্যুতে কাজিপুরবাসী অনেকটা হতবিহ্বল হয়ে পড়েছে। মাসব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার স্মৃতিকে জাগরুক রেখে দোয়া করতে চাই।

উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পালাক্রমে দোয়া, প্রতিটি ইউনিয়ন ও একটি পৌরসভায় দোয়া মাহফিল, উপজেলার প্রতিটি মসজিদ, মক্তব ও মাদ্রাসায় দোয়ার অনুষ্ঠান, এতিমখানায়  কোরানখানি ও উন্নতমানের খাবার পরিবেশন, উপজেলার প্রতিটি হাটবাজারে ও দোকানে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও স্মৃতিচারণ হবে।

মাসব্যাপী উপজেলার সব মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। উপজেলার ১৫টি মন্দিরেও মাসব্যাপী বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পরে মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।