সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার ঘটনায় বরিশালে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খানসহ দুই জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বরিশাল বিএম কলেজের ছাত্র কর্ম পরিষদের সাবেক ক্রীড়া সম্পাদক ফয়সাল আহম্মেদ মুন্না বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেন।
জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, বরিশাল-৬ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খানের ঘনিষ্ঠজন একই এলাকার বাসিন্দা বর্তমানে মালয়েশিয়া প্রবাসী গাজী ফাইজুল করিম রাজু প্রতিনিয়ত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসছেন। বিষয়টি নিয়ে ফাইজুল করিম রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রীকে নিয়েও ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন।
অভিযোগের সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
