সৌদি থেকে ফিরতে আগ্রহীদের পর্যায়ক্রমে আনা হবে

আপডেট : ১৬ জুন ২০২০, ০০:৩৪

সৌদি আরব থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশি শ্রমিকদের পর্যায়ক্রমে ফেরত আনা হবে। বাংলাদেশ সরকারের এই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছে সৌদি আরব। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে আলাপকালে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এ বিষয়ে সম্মতি দেন।

কোয়ারেন্টাইন সুবিধা নিশ্চিত করতে সৌদি আরব থেকে ফিরতে আগ্রহী প্রবাসী কর্মীদের পর্যায়ক্রমে দেশে আনা হবে। তবে এক্ষেত্রে আটকাপড়া উমরাহ হজ পালনকারী, শিক্ষার্থী এবং নারী গৃহকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।

করোনা পরবর্তী পরিস্থিতিতে সৌদি আরবের কৃষি উত্পাদন বৃদ্ধি ও মত্স্য চাষে বাংলাদেশের কৃষি শ্রমিকদের কাজে লাগাতে অনুরোধ করলেন ড. মোমেন। একই সঙ্গে সৌদি আরবে অন্য খাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদেরও কৃষি খাতে কাজে লাগানোর অনুরোধ করেন। বাংলাদেশের কৃষি শ্রমিক এবং তথ্যপ্রযুক্তি খাতে দক্ষদের কাজে লাগানোর বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আগ্রহ প্রকাশ করেন।

আলাপকালে সৌদি আরবকে বাংলাদেশ থেকে হালাল মাংস আমদানির আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন। বাংলাদেশ থেকে সবজি এবং উন্নত মানের পিপিই আমদানির সুযোগ আছে বলেও জানান।

ওআইসির সদস্য দেশে করোনার প্রভাব মোকাবিলায় করণীয় নির্ধারণ, অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের জীবন ও জীবিকা রক্ষা এবং এজন্য জরুরি তহবিল গঠনের বিষয়ে আলোচনার জন্য ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের একটি বিশেষ ভার্চুয়াল সভা আয়োজনে সৌদি আরবের সহায়তা চান ড. মোমেন। এ সভা আয়োজনে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসনে সৌদি সরকারের সহযোগিতা চান ড. মোমেন। এ বিষয়ে সৌদি আরবের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন ফয়সাল বিন ফারহান আল সৌদ।

সৌদি আরবে করোনা আক্রান্ত বাংলাদেশিদের চিকিত্সাসহ প্রবাসী কর্মীদের সার্বিক সহযোগিতার জন্যও সৌদি সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।