মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে হামলা করেছে দুষ্কৃতকারীরা। সারওয়ার আলীকে তারা আঘাত করতে না পারলেও হামলায় আহত হন তার স্ত্রী মাখদুমা নার্গিস, মেয়ে সায়মা আলী, জামাতা হুমায়ুন কবির ও দুই প্রতিবেশী। হামলার ঘটনায় সাত জনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পিবিআই। চার্জশিটে এমনটাই উল্লেখ্য করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম জানান, ডাকাতির উদ্দেশ্যে ডা. সারওয়ার আলীর বাড়িতে হামলা করেছিল দুষ্কৃতকারীরা। ঘটনার সত্যতা পাওয়ায় সাত জনের বিরুদ্ধে দণ্ডবিধি ৩৯৫/৩৯৭ ধারায় আদালতে চার্জশিট দিয়েছি। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুই জনকে অব্যাহতির আবেদন করেছি। ডা. সারওয়ার আলী হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন। আমরা তদন্তে আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের জবানবন্দিতে ডাকাতির উদ্দেশ্যে হামলা—এটা প্রাথমিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি।
