আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সর্বস্তরের নেতাকর্মীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশবাসীকেও অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। গতকাল সোমবার বিকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগসহ এর সব সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, সারাদেশে আমাদের বৃক্ষ রোপণ করতে হবে। আমাদের প্রত্যেক সংগঠনের প্রতিটি সদস্য তিনটি করে গাছ লাগাবেন। সেটা তার নিজের জায়গায় হোক অথবা নিজের জায়গা না থাকলে রাস্তার পাশে হলেও গাছ লাগাতে হবে।
নেতাকর্মী ছাড়াও দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আষাঢ়ে আসুন সকলে মিলে গাছ লাগাই। গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষা করি। তিনি বলেন, আসুন মুজিব বর্ষে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করে আমাদের দেশকে রক্ষা করি। উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চলগুলোতে সবুজ বেষ্টনী গড়তে হবে। যেগুলো মাটি ধরে রাখে, যেমন ঝাউ, খেজুর, তালগাছ লাগানো দরকার। এই ব-দ্বীপকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী গণভবনে গাছের চারা বপন করেন।
অনুষ্ঠানে কৃষক লীগ যারা বেশি গাছ লাগাবে, তাদের পুরস্কৃত করার ঘোষণা দেয়। এ সময় শেখ হাসিনা পুরস্কার দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কৃষক লীগের ফান্ডে অর্থসহায়তা দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।
